পর্যটনে সরকারি বরাদ্দ নেই দুবছর, তবু পর্যটক বাড়ছে
দেশের পর্যটন খাতে গত দুবছর কোনো সরকারি বরাদ্দ দেওয়া হয়নি। এরপরেও গত অর্থ বছরে এই খাতে আয় বৃদ্ধি হয়েছে প্রায় ১০ দশমিক ৯৪ শতাংশ। গত পাঁচ বছর ধরেই পর্যটন খাতের আয় বৃদ্ধি হচ্ছে।
বুধবার হোটেল সোনারগাঁয় আয়োজিত দুদিনব্যাপি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বিশ্ব পর্যটন সংস্থা ‘এসকাপ’ এবং পর্যটন করপোরেশন যৌথভাবে ‘টেকসই পর্যটন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ইউনেসক্যাপের প্রধান রাইয়ুজি ইয়ামাকাওয়া, ডব্লিউটিও’র আঞ্চলিক প্রতিনিধি জু জিং প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও কর্র্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, সেমিনারের আলোচনা থেকে বাংলাদেশ পর্যটন নীতি প্রণয়ন বিষয়ক একটি রূপরেখা এবং দেশের পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে সুপারিশমালা প্রস্তুত করা হবে।
সেমিনারে মূল নিবন্ধে বলা হয়, সরকার দেশের পর্যটন শিল্পের বিকাশে দুবছর এই খাতে কোনো বরাদ্দ দেয়নি। অথচ প্রতিবেশী দেশ ভারতে ২০০৪ ০৫ অর্থবছরে এ শিল্পে সরকারি বরাদ্দ ছিলো প্রায় পাঁচ হাজার কোটি ভারতীয় রুপি (প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা)।
পর্যটন শিল্পে ভারতের ক্রমবর্ধমান অগ্রগতি দুই দেশের মধ্যে সৃষ্টি করেছে অসম প্রতিযোগিতা। এটি এ দেশের বিপুল সম্ভাবনাময় পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত হবে।
পর্যটন প্রতিমন্ত্রী মীর নাছির বলেন, বাংলাদেশ পৃথিবীর ইকো ট্যুরিজমের অন্যতম একটি দেশ। দেশের দারিদ্র নিরসনে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পর্যটনের মাধ্যমে দারিদ্র দুরীকরণে সরকার পর্যটনকে একটি সম্ভাবনাময় খাত হিসেবে বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী এ খাতকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করেছেন।
তিনি বলেন, সরকার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সুযোগ সুবিধা বৃদ্ধি করায় তিন বছরে পর্যটকের সংখ্যা বেড়ে তিন লাখ থেকে পাঁচ লাখে দাঁড়িয়েছে।
