২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমন ব্যুরোর তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দেশজুড়ে সমন জারি!

বিলুপ্ত ঘোষিত দুর্নীতি দমন ব্যুরোর বিভিন্ন মামলার তদন্তকারি কর্মকর্তার নানা ধরণের ভাতা বন্ধ হয়ে যাওয়ায় তারা এসব মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন না। অনুসন্ধানে জানা যায়, এ কারণে ওইসব কর্মকর্তার নামে দেশের বিভিন্ন আদালতে সমন জারি করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এরই মধ্যে অর্ধশতাধিক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে জারি করা হয়েছে সমন। এখন প্রতিদিনই অন্তত: তিন থেকে চারজন কর্মকর্তার নামে একাধিক সমন জারি করা হচ্ছে।

দুর্নীতি দমন কমিশন (এসিসি) গঠনের পর গত বছরের ২১ নভেম্বর দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত হয়। এ সময় বিলুপ্ত ব্যুরোর সকল কর্মকর্তা ও কর্মচারিকে মন্ত্রী পরিষদ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ব্যুরো বিলুপ্ত হওয়ার দিন পর্যন্ত নিম্ন আদালতে পাঁচ হাজার ৫০টি মামলা, ৪০৭টি রিভিশন মামলা ও ১১১টি আপীল মামলা বিচারাধীন ছিলো। এছাড়া দুহাজার ৯০৮টি অভিযোগ তদন্ত শেষে মামলা দায়েরের পর্যায়ে ও সাত হাজার ৩৪২টি অভিযোগ প্রাথমিক অনুসন্ধানের পর্যায়ে ছিল।

ব্যুরো বিলুপ্ত হওয়ার পর টিএ ডিএসহ নানা সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেলে এসব মামলায় সংশ্লিষ্ট তদন্তকারি কর্মকর্তারা হাজিরা দেওয়া বন্ধ করে দেন। পরে মন্ত্রী পরিষদ বিভাগের হস্তক্ষেপে অনিচ্ছা সত্বেও বেশ কিছু কর্মকর্তাকে এসিসিতে অন্তর্ভূক্ত করা হয়।

ওইসব তদন্তকারি কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনে যোগ দিলেও মামলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো নীতি না থাকা এবং প্রাপ্য সুযোগ-সুবিধা না থাকায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন।

জানা যায়, দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে এসব কর্মকর্তা কোনো হাজিরা না দেওয়ায় দেশের বিভিন্ন আদালত থেকে এখন তাদের নামে জারি হতে শুরু করেছে সমন।

এ ব্যাপারে কমিশনের সদস্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি অবশ্য তদন্ত কর্মকর্তাদের মামলায় হাজিরা বন্ধ করে দেওয়ার কথা অস্বীকার করে বিডিনিউজকে বলেন, কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই কেউ কেউ এ ধরণের অপপ্রচার চালাতে পারে।

তিনি জানান, ওইসব তদন্তকারি কর্মকর্তার চাকরি বর্তমানে মন্ত্রী পরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। মামলায় হাজিরা দেওয়াসহ যাবতীয় সুবিধাই তারা সেখানে থেকে পাচ্ছেন। ফলে তাদের হাজিরা বন্ধ থাকার কথা নয়। তবে দু/একজন কর্মকর্তা মামলায় হাজিরা না দেওয়ায় তাদের নামে সমন জারি হয়েছে।