পঞ্চগড় সুগার মিলে দুর্নীতির অভিযোগে ১ কর্মকর্তা বরখাস্ত, ২ কর্মচারীর বিরুদ্ধে চার্জশিট
পঞ্চগড় সুগার মিলে চিনি বিক্রিসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মিলের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং দুই কর্মচারীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
সূত্র জানায়, বরাদ্দের অতিরিক্ত চিনি বিক্রির অভিযোগে মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মিলের বাণিজ্যিক সহকারী রেজাউল করিম সরকারকে সাময়িক বরখাস্ত এবং মিলের গোডাউন কিপার রফিকুল ইসলাম দিপু ও সিনিয়র ক্লার্ক সামসুজ্জামান বাবুলের বিরুদ্ধে বিভাগীয় চার্জশিট প্রদান করেছে।
এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে মিলের নিম্ন পর্যায়ের শ্রমিক ও কর্মচারী থেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মিলের জেনারেল ম্যানেজার (প্রশাসন) এসএমএ আজিজকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, পঞ্চগড় সুগার মিলের উৎপাদিত চিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের বিক্রয় বিভাগের অনুমতি ও বরাদ্দপত্র ছাড়াই কতিপয় কর্মকর্তা-কর্মচারী মোটা অংকের টাকা গ্রহণ করে ডিলারদের মাঝে বিক্রি করেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১ শ’ ৩৪ দশমিক ৫০ মেট্রিক টন চিনি অবৈধভাবে বিক্রয় করে প্রায় সাড়ে ৪ লাখ হাতিয়ে নেওয়া হয়েছে।
এছাড়াও ২০০৪-২০০৫ আখ মাড়াই মৌসুমে আখ চাষীদের উৎপাদিত আখ মিলে সরবরাহের বিপরীতে পাওনা চিনি চাষীদের মধ্যে বিতরণের বেলায় বেশ কয়েকটি কেন্দ্রে বেশি চিনি বিতরণ করা হয়েছে। সর্বমোট আখ সরবরাহের বিপরীতে পাওনার চেয়ে প্রায় ৫০ মেট্রিক টন চিনি বেশি বিক্রয় করা হয় বলে জানা যায়।
আরো জানা গেছে, বাংলাদেশ চিনি কলের সংশোধিত সেটআপে মিলের বিভিন্ন বিভাগে চুক্তি ভিত্তিতে লোক নিয়োগের যে বিধান রয়েছে তা লঙ্ঘন করে নিয়োগ ও পদোন্নতি প্রদান করা হয়েছে। এছাড়া, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আখ বিভাগে বহিঃকেন্দ্রের ১১ জন লোককে ছাটাই করা হয়েছে।
এদিকে আখচাষীরা জানান, গত ২০০৩-২০০৪ আখ মাড়াই মৌসুমে আখ চাষীরা আখের প্রিমিয়াম মূল্য পেলেও বর্তমান আখ মাড়াই মৌসুমে সমপরিমাণ আখ মাড়াই করেও প্রিমিয়াম মূল্য থেকে বঞ্চিত হয়েছেন।
এ ব্যাপারে মিলের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আহমেদ বিডিনিউজকে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
