সেলফোন চালকদের জন্য বিপর্যয়কর অবস্থা তৈরি করতে পারে
গাড়ি চালানোর সময় সেলফোন চালকদের জন্য বিপর্যয়কর অবস্থা ডেকে আনতে পারে। কারণ একই সময় মানুষের মস্তিষ্কের পক্ষে দুটো বিষয়ে মনোনিবেশ করা সম্ভব নয়। নিউরো জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের বালটিমোরের হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও মস্তিষ্ক বিজ্ঞান বিভাগের অধ্যাপক স্টিভেন ইয়ানতিস তার গবেষণায় দেখান, মানব মস্তিষ্ক একই সাথে সমান দক্ষতায় দর্শনে ও শ্রবণে সক্ষম নয়। অর্থাৎ একই সময়ে একই মাত্রায় দুটো কাজে মনোনিবেশ করতে পারে না মস্তিষ্ক।
স্টিভেন ইয়ানতিস বলেন, “আমরা গবেষণায় দেখেছি কথা বলার সময় সেলফোন কিভাবে চালকের কাজকে দুর্বল করে তোলে। এমনকি ’হ্যান্ডস ফি ডিভাইস’ও চালকদেরকে অসুবিধায় ফেলতে পারে।”
তিনি আরও বলেন, “শ্রবণের দিকে আপনি বেশি মনোযোগী হলে স্বভাবতই আপনি দর্শনের দিকে তেমন মনোযোগী হতে পারবেন না।”
তিনি বলেন, “একজন চালক যখন চলন্ত অবস্থায় সেলফোনে কথা বলে তখন কথা বলা বা শোনার ব্যাপারইে মনোযোগী থাকে, সামনে তাকানোর ব্যাপারে সে মনোযোগী হতে পারে না। আর তখনই বিপর্যয়কর অবস্থা নেমে আসতে পারে।”
স্টিফেন ইয়ানতিস এবং তার সহকর্মীরা ১৯ থেকে ৩৫ বছর বয়সী মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এসব তথ্য উদঘাটন করেন।
