২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের হত্যাকাণ্ডকে ঘিরে মিথ্যা মামলায় বাবাকে ফাঁসানো হয়েছে: নানা ও মামাদের বিরুদ্ধে ছেলের অভিযোগ

পিডব্লিউডির সাবেক নির্বাহী প্রকৌশলী এবং স্ত্রী হত্যার অভিযোগে কারাবন্দী কাজী মাহবুব আহম্মেদের পুত্র কাজী মাসরুর আহম্মেদ অভিযোগ করেছেন, তার বাবার বিরুদ্ধে তার নানা ও মামারা মিথ্যা মামলা দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসরুর এ অভিযোগ করেন।

সম্মেলনে মাসরুর জানান, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করলে কোর্ট বাবাকে মামলা থেকে অব্যাহতি দেয়। কিন্তু এরপরও নানা ও মামারা ষড়যন্ত্র করে যাচ্ছে।

মাসরুর (২০) আরও বলেন, মায়ের প্রকৃত খুনিরা এখন বাইরে আছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে। মাসরুর জানান, ১৯৯২ সালের ২ ডিসেম্বর বাসার কাজের ছেলে বেলাল তার মা নিলুফার আহমেদকে হত্যা করে। ঘটনার দিনই পুলিশ বেলালকে গ্রেফতার করে এবং পরদিন তার বাবা বেলালের বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করে। ৪ ডিসেম্বর বেলাল এ হত্যাকাণ্ডের বিষয়ে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। কিন্তু পরবর্তীতে পুলিশ একটি মিথ্যা চার্জশিট দাখিল করে।

মাসরুর সম্মেলনে আরও বলেন, আমার মায়ের হত্যাকাণ্ডের পর নানা ও মামারা আমার এক খালাকে বিয়ে করতে বাবাকে প্রস্তাব দেন। সেই খালা তালাকপ্রাপ্তা ছিলেন। আমার বাবা বিয়ে করতে রাজি হননি। এছাড়া আমার মায়ের নামে বাবা একটি বাড়ি করে দিয়েছিলেন। নানা ও মামারা সেই বাড়িটি তাদের নামে লিখে দেওয়ার দাবি জানান। বাবা তাতেও রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা আমার মাকে হত্যার অভিযোগে বাবার নামে মিথ্যা মামলা দায়ের করেন।

মাসরুর আরও অভিযোগ করেন, তার মামাদের প্রশ্রয়ে হত্যাকারিরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।