জ্বালানি খাতের উন্নয়নে ১২ মাসের উন্নয়ন পরিকল্পনা আসছে
নব নিযুক্ত জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, তিনি জ্বালানি খাতের উন্নয়নের জন্য ১২ মাসের একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছেন। এই কর্মপরিকল্পনা যথাসময়ে বাস্তবায়নের মাধ্যমেই জ্বালানি সমস্যার সমাধান করা হবে।
তিনি বলেছেন, আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নই, তবে এই সেক্টরে যাতে কোন দূর্নীতি না হয়, গ্রাহক ভোগান্তি না হয় সেই ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার জ্বালানি বিভাগে কাজ শুরুর প্রাক্কালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মাহমুদুর রহমান একই সাথে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়াম্যানের দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন মাত্র ১৬ মাস তিনি উপদেষ্টা হিসাবে তার দায়িত্ব পালন করতে পারবেন। এ খাতে কাজ করার জন্য এটা খুব কম সময়। তাই তিনি ১২ মাসের একটি কর্মপরিকল্পনা গ্রহন করতে যাচ্ছেন।
আগামীকাল বুধবার থেকে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে বসছেন। সভাগুলো থেকেই এই পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করা হবে। তিনি জানান, সিষ্টেম লস কমিয়ে আনা, সেবা প্রতিষ্ঠানকে ই-গভর্নেন্সের আওতায় নিয়ে আসা এবং বিল খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই হবে তার প্রথম পর্যায়ের কাজ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাসের দাম না বাড়িয়ে বরং সিষ্টেম লস কমিয়ে এনে কোম্পানিগুলোর আয় বাড়ানো যায়। এতে গ্রাহকের উপর কোন চাপ পড়বে না।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাইকোর সঙ্গে করা চুক্তিতে কোন ধরনের অসঙ্গতি আছে কিনা তা পরীক্ষা করা হবে। মাগুরছড়া এবং টেংরাটিলা গ্যাস কূপ বিস্ফোরণজনিত ক্ষতিপূরণ আদায়ে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, দেশী বিদেশী কোন কোম্পানিকেই গ্যাস পাবার বিষয়ে কোন ধরনের বিশেষ সুবিধা দেয়া হবে না। যে আগে আবেদন করবে, সেই আগে সংযোগ পাবার জন্য বিবেচিত হবে।
মাহমুদুর রহমান বলেন, এই সেক্টরে যেনো কোন দূর্নীতি না থাকে সেই ব্যবস্থা নেয়া হবে। আর যারা দূনীতি করছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে মনে রাখতে হবে আমি দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নই।
তিনি জানান, ত্রি-দেশীয় গ্যাস পাইপ লাইনের বিষয়ে বাংলাদেশের স্বার্থই আগে দেখা হবে। টাটার সাথে গ্যাস নিয়ে দরকষাকষিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয় সেই ব্যবস্থা করা হবে। তবে খেয়াল রাখতে হবে, এমন কিছু করা যাবে না যাতে দেশ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্থ হয়।
