ভারি যানবাহন চলাচলের জন্যে কালুরঘাট রেল সেতু বুধবার ও শাহ আমানত সেতু জানুয়ারিতে খুলে দেওয়া হবে
সড়ক যোগাযোগ-সুবিধা সম্বলিত কালুরঘাট রেল সেতু ভারি যানবাহন চলাচলের জন্যে বুধবার এবং কর্ণফুলী নদীর ওপর শাহ আমানত সেতু আগামী জানুয়ারিতে সংস্কার শেষে খুলে দেওয়া হবে।
নিজস্ব অর্থায়নে ১০ কোটি টাকা ব্যয়ে নির্ধারিত সময়ের চার মাস পর সংস্কার শেষে কালুরঘাট রেল সেতু ভারি যানবাহন চলাচলের জন্যে খুলে দেওয়া হচ্ছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের উপ পরিচালক শফিকুল আলম বিডিনিউজকে জানান, ১৫ জুন সেতুর কাজ সম্পন্ন হয়েছে এবং বুধবার যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার উপস্থিতিতে সেতু পুনরায় খুলে দেয়া করা হবে।
দীর্ঘদিন ধরে সেতুটির রেল এবং সড়ক-দু ধরনের যোগাযোগ সুবিধাই বন্ধ ছিল।
সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ার আহমদ বিডিনিউজকে জানান, ইজারাদারদের সাথে চুক্তি অনুযায়ী কালুর ঘাট সেতুর বিকল্প হিসেবে চালু করা ফেরী সার্ভিসও আগামী সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিকে, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরও জানান, কর্ণফুলী নদীর ওপর শাহ আমানত সেতু সংস্কারের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান সেতুর পাটাতনের জন্যে ব্রাজিল থেকে কাঠ আমদানীর এলসি খুলেছে।
তিনি জানান, সেপ্টেম্বরের মধ্যে কাঠ এসে পৌঁছবে এবং ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ হবে।
তিনি বলেন, আশা করা যায়, সংস্কার শেষে আগামী বছর জানুয়ারিতে সেতুটি ভারি যান চলাচলের জন্যে খুলে দেওয়া সম্ভব হবে।
সূত্র জানায়, ছয় কোটি টাকা ব্যয়ে সেতুটির সংস্কার চলছে। তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণ কাজে দীর্ঘর্সূত্রিতা দেখা দেওয়ায় কর্ণফুলী সেতুর ওপর দিয়ে ভারি যানবাহন চলাচলের প্রয়োজনীয়তা দেখা দেয়।
স্থানীয়রা বলছে, শাহ আমানত সেতু চালু হলে দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের ১৬টি রুটের যান চলাচলের সমস্যা সাময়িকভাবে নিরসন হবে।
