জয়পুরহাটে পিকনিক বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৫০
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কে যাত্রীবোঝাই একটি পিকনিক বাস সোমবার রাত ১২টায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন জন ছাত্র নিহত হয়। আহত হয় কমপক্ষে ৫০ জন যাত্রী।
সংশ্লিষ্ট পুলিশ এবং হাসপাতাল সূত্র জানায়, নওগাঁর মান্দা উপজেলার দুডাঙ্গী গ্রামের একটি স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা পিকনিক করতে একটি বাসযোগে দিনাজপুর জেলার স্বপ্নপুরীতে যায়। পিকনিক শেষে ফেরার পথে হিলি স্থলবন্দর পার হয়ে বাসটি পাঁচবিবির নাকরগাছি পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নবম শ্রেণীর ছাত্র সাজ্জাদুল, ষষ্ঠ শ্রেণীর ছাত্র এনামুল এবং দশম শ্রেণীর ছাত্র শরিফুলের মৃত্যু ঘটে। দুর্ঘটনায় বাসের প্রায় সব যাত্রীই কম-বেশি আহত হয়।
আহতদের মধ্যে ১৮ জনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
