পঞ্চগড়ের বোদা পৌর নির্বাচন স্থগিত হওয়ায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করছে
হাইকোর্টের আদেশে নবগঠিত বোদা পৌরসভার প্রথম নির্বাচন স্থগিত হওয়ায় বিএনপি ও আওয়ামী লীগ একে অপরকে দায়ী করছে।
সূত্র জানায়, নতুন ভোটার তালিকা ও পৌর এলাকা সংক্রান্ত জটিলতায় একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্ট এ স্থগিতাদেশ জারি করে। স্থগিতাদেশ শোনার পর রোববার সন্ধ্যায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করে বিক্ষোভ সমাবেশ করে।
বিএনপি প্রার্থী আব্দুল আজিজ বিডিনিউজকে বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় নির্বাচন যেন না হয় সে জন্য তারা এই রিট আবেদন করে।
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী আজাহার আলী ও আব্দুল কাদের আবুল জানান, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি চক্রান্ত করে নির্বাচন স্থগিত করেছে। তারা এই চক্রান্তের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।
জানা যায়, চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন স্থগিতের এই প্রক্রিয়াকে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাধা সৃষ্টি করার অপচেষ্টা বলে আখ্যায়িত করেছেন।
উল্লেখ্য, গত ২৯ মে ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী আগামী ৪ জুলাই ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, ও কমিশনার পদে ৩৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
