২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেফতারকৃত ২ ছিনতাইকারীকে ৩ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে

ছিনতাইকারী হিসেবে গ্রেফতারকৃত ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে সোমবার তিনদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। তারা ছিনতাইয়ের পর পালানোর সময় রোববার পুলিশের হাতে ধরা পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ছিনতাইকারীদের মধ্যে একজনের নাম গোলাম মাহবুব ওরফে লিটন। তার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁদকার গ্রামে। সে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। গ্রেপ্তারকৃত অপর ছিনতাইকারী আজিজুল হকের বাড়ি সিরাজগঞ্জে এবং তার বাবার নাম আব্দুল জলিল। সে ছাত্রদল ঢাকা কলেজ শাখার সদস্য।

তারা উভয়েই ঢাকা কলেজের ভূগোল বিভাগের ছাত্র এবং উত্তর ছাত্রাবাসের ২১৮ নং কক্ষের বাসিন্দা।

ছিনতাই এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দুটি মামলায় তাদের মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার দুপুরে বায়তুল মোকাররমের উমা জুয়েলার্সের কর্মচারী আবুল কাশেম পার্শ্ববর্তী জনতা ব্যাংক শাখায় ১২ লাখ টাকা জমা দিতে যাওয়ার সময় ওই দুই ছাত্রদল নেতা অস্ত্রের মুখে তাকে অপহরণ করে।

পরে প্রাইভেট কারে পালানোর সময় দৈনিক বাংলা ক্রসিংয়ে পুলিশ তাদের আটক করে। পুলিশ গাড়িটি জব্দ করলেও ছিনতাইকারীদের অন্য সহযোগীরা এবং ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরে পুলিশ কলেজে ছাত্রাবাসে তাদের কক্ষে তল্লাশী চালিয়ে প্রায় ১০ লাখ টাকা উদ্ধার করে।

সূত্র জানায়, ছিনতাইকারীরা সরকারের একজন উপমন্ত্রী এবং উত্তর বঙ্গ থেকে নির্বাচিত সংসদ সদস্যের অনুসারী বলে সূত্র জানিয়েছে।