২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে পড়া পাকিস্তানীদের সাহায্য বন্ধের ওপর হাইকোর্টের রুল জারি

আটকে পড়া পাকিস্তানীদের জন্য বরাদ্দকৃত সাহায্য বন্ধ করে দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে হাইকোর্ট সরকারের প্রতি একটি কারণ দর্শানোর রুল জারি করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

আটকে পড়া তিন পাকিস্তানী সাদাকত খান, মুশতাক আহমেদ ও শহিদ আলী বাবলু ২০০৪ সালের ২৭ জানুয়ারি সরকারি আদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করেন। ওই আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামনূন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

পিটিশনে আবেদনকারীরা উল্লেখ করেন, আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানীদের ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত সাহায্য দেয়। তৎকালীন বাংলাদেশ সরকার তখন ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের ১৩ জেলার ৭০টি ক্যাম্পে বসবাসরত আটকে পড়া পাকিস্তানীদের সাহায্য দেয়ার দায়িত্ব নেয়। কিন্তু সরকার ২০০৪ সালের ২৭ জানুয়ারি তাদের জন্য সাহায্য বরাদ্ধ বন্ধ করে দেয়।

রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট হাফিজুর রহমান খান। অন্যদিকে সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবিদুর রহমান খান।