মানি লন্ডারিং মামলায় বিদিশাকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার শুনানি
মানি লন্ডারিং মামলায় বিদিশাকে জিজ্ঞাসাবাদ করা যাবে কী না এ বিষয়ে তার শারীরিক অবস্থার প্রতিবেদন পাওয়া সাপেক্ষে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
এ মামলায় জিজ্ঞাসাবাদের ব্যাপারে পূর্ব নিধারিত শুনানির দিন সোমবার ঢাকা মহানগর হাকিম এম এ সালাম এ আদেশ দেন।
আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য যে আবেদন করেছেন বিদিশার স্বাস্থ্যগত কারণে তা নামঞ্জুরের প্রার্থণা করেন বিদিশার আইনজীবীরা।
অ্যাডভোকেট কামরুজ্জামান মাহবুব এবং এনামুল হক মোল্লা আদালতে বলেন, এ মামলায় ইতোপূর্বে সিএমএম আদালতে বিদিশার জামিন নামঞ্জুর হলে মহানগর দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন চাওয়া হয়। আদালত ওই আবেদন নামঞ্জুর করে আগামী ৪ জুলাই জামিন সংক্রান্ত মূল শুনানির দিন ধার্য করেন।
আইনজীবীরা আরও বলেন, মহানগর দায়রা জজ আদালতের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চাওয়া হবে। তারা বলেন, প্রিজন সেলে বিদিশা মুমূর্ষু অবস্থায় আছে। তার শারীরিক অবস্থার দিনদিন অবণতি হচ্ছে। মেডিকেল বোর্ড গঠন করা হলেও বিদিশা কোনও ধরণের ওষুধ খেতে পারছেন না। তার অনবরত বমি হচ্ছে। চিকিৎসকগণও তার ব্যাপারে উদ্বিগ্ন।
তাই এ অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে তিনি হার্টফেল করে মারা যেতে পারেন। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
সুতরাং এ মূহুর্তে অর্থ পাচার মামলায় বিদিশাকে জিজ্ঞাসাবাদের আবেদন নামঞ্জুর করার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা।
আইনজীবীদের এ বক্তব্যের বিরোধিতা করে কোর্ট ইন্সপেক্টর মান্নান বলেন, অর্থ পাচারের বিষয়টি তদন্ত করার জন্য এই মূহুর্তে বিদিশাকে জিজ্ঞাসাবাদ করা জরুরী।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তৎক্ষনাৎ কোনও আদেশ দিতে অপারগতা প্রকাশ করলে আইনজীবীরা বলেন যে, বিদিশার বিরুদ্ধে দায়ের করা এ মামলাটিই তো চলতে পারে না, কেননা এজাহারে কোন ব্যাংক এবং কোন দেশে টাকা পাচার করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। এ বক্তব্যের পর আদালত কিছুক্ষণ দ্বিধা দ্বন্দ্বের পর আগামী মঙ্গলবার পুনরায় শুনানির দিন ধার্য করেন।
