ইতালি সরকার বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিসা পদ্ধতি সহজ করবে: ইতালীয় রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত পিয়েট্রো ব্যালেরো বলেছেন, ইতালি সরকার বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদানের নিয়ামকানুন আরও সহজ করার চিন্তা-ভাবনা করছে।
তিনি সোমবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) মিলনায়তনে ইতালীয় পণ্যের ‘ক্যাটালগ শো’ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনার মি. অশোক দাশ, সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী এবং চট্টগ্রামস্থ ইতালির অনরারি কনসাল মীর্জা সালমান ইস্পাহানি।
প্রধান অতিথির বক্তব্যে পিয়েট্রো ব্যালেরো বলেন, বর্তমানে বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ীদের ইতালির ভিসা পেতে তেমন সমস্যা হচ্ছে না। ইতালির সরকার ভিসা পদ্ধতি আরও সহজ করবে। চট্টগ্রামেও একটি ভিসা সেন্টার খোলা হয়েছে।
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিরাজমান সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ইতালি সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
সিসিসিআই মিলনায়তনে আয়োজিত ‘ক্যাটালগ শো’ শেষ হবে মঙ্গলবার। ‘ক্যাটালগ শো’তে ইতালির মেশিনারিজ, টাইলস সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম ও টেক্সটাইল সামগ্রীর ক্যাটালগ প্রদর্শন করা হচ্ছে।
