বাংলাদেশের আহবানে ইন্টারপোলের সাড়া মেলেনি এখনো, তাদের ঢাকা আগমন অনিশ্চিত
২১ আগষ্ট গ্রেনেড হামলা তদন্তে সহায়তা করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ঢাকায় আগমন অনিশ্চিত হয়ে পড়েছে । এছাড়া ইন্টারপোল থেকে এখনও বাংলাদেশ পুলিশের অনুরোধের কোন জবাবই দেয়া হয়নি।
ইন্টারপোলের ঢাকা শাখার প্রধান ও পুলিশের সহকারী ইনসপেক্টর জেনারেল আনোয়ার কামাল জানিয়েছেন, ”আমাদের অনুরোধে ইন্টারপোল থেকে এখনও কিছুই জানানো হয়নি। তাই তাদের আগমনের ব্যাপারে কিছু বলা সম্ভব নয়।”
সুত্র জানায় ইন্টারপোলের কর্মপরিধি নিয়ে বাংলাদেশী গোয়েন্দা সংস্থার সাথে তাদের সমঝোতা না হওয়ায় তাদের ঢাকায় আগমন অনিশ্চিত হয়ে পড়ে। তবে কোন কোন শর্তের ক্ষেত্রে উভয়ের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে সূত্রটি তা প্রকাশ করতে রাজী নয়।
সূত্রমতে গত বছর গ্রেনেড হামলার পর ঢাকায় এসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় ইন্টারপোল সন্তুষ্ট হতে পারেনি। প্রাথমিক তদন্ত শেষে ইন্টারপোল স্থানীয় গোয়েন্দা সংস্থাকে কিছু বিষয় খতিয়ে দেখতেও নির্দেশ দিয়ে যায়। কিন্তু এক্ষেত্রে এখনও কোনও অগ্রগতি হয়নি।
এর আগে ঢাকায় আসা এফবিআই’র প্রতিনিধিরাও সিআইডির অসম্পূর্ণ তদন্তে অসন্তোষ প্রকাশ করেছে।
অতঃপর সম্প্রতি ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম আরমান এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার মোখলেছুর রহমানকে গ্রেফতারে পর সরকার গত ১৪ জুন ইন্টারপোলকে আবার ঢাকায় আসার আমন্ত্রণ জানায়।
সূত্র জানায়, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার তদন্ত করতে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ই-মেইলের মাধ্যমে ইন্টারপোলকে আবার ঢাকায় আসার আমন্ত্রণ জানায়।
গত ১৫ জুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেছিলেন, শিগগিরই ইন্টারপোল ঢাকা আসছে।
তবে সূত্র জানায়, ইন্টারপোলের আমগন সম্পূর্ণ অনিশ্চিত। এখন পর্যন্ত ইন্টারপোল সিআইডি পাঠানো ই-মেইলের কোনও সাড়া বা উত্তর দেয়নি।
এ ব্যাপারে পুলিশের ডিআইজি আব্দুল জলিলকে জিজ্ঞেস করা হলে তিনি বিডিনিউজকে বলেন, ইন্টারপোল সদস্যরা আসবে। তবে কবে এবং কতজন আসবে তা আমি জানি না।
এসবি’র প্রধান ডিআইজি ফারুক আহমেদও বিডিনিউজকে বলেন, তারা আসবে বলে তিনি শুনেছেন। তবে এর বেশি তিনি জানেন না।
এব্যাপারে পুলিশের আইজি আব্দুল কাইউম বলেন, ”আমারা আমন্ত্রণ যেহেতু করেছি, তারা আসবে। তবে কবে আসবেন তা এখনও নিশ্চিত নয়।”
ইন্টারপোলের ঢাকা শাখার প্রধান পুলিশের এআইজি আনোয়ার কামাল বলেন, ”আমাদের অনুরোধে ইন্টারপোল থেকে এখনও কিছু জানানো হয়নি। তাই তাদের আগমনের ব্যাপারে কিছু বলা সম্ভব নয়।”
অন্যদিকে, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত গোয়েন্দা সংস্থার এক বৈঠকে নতুন করে তদন্ত শুরুর এবং ক্ষতিগ্রস্থ ৫২ জনকে আবার জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাওয়া হয়। এছাড়া তারা শেখ হাসিনার ক্ষতিগ্রস্থ গাড়িটি পরীক্ষা করে দেখারও অনুমতি চান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবার এ বৈঠকে উপস্থিত ছিলেন এবং তিনি গোয়েন্দা সংস্থাকে নতুন করে তদন্ত শুর করার ও শেখ হাসিনার ক্ষতিগ্রস্থ গাড়িটি পরীক্ষা করে দেখার অনুমতি দিয়েছেন।
