২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমাত্রা অঞ্চলে আবারও সুনামির আশঙ্কা করছেন লন্ডনের গবেষক, বাংলাদেশও আশঙ্কামুক্ত নয়

চলতি বছরেই ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সুনামি আবারও আঘাত আনতে পারে, এমনই আশংকা করছেন লন্ডনের উলস্টার বিশ্ববিদ্যালয়ের ভু-বিদ্যা বিভাগের গবেষক জন ম্যাককোলস্কি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ভারতের একটি বাংলা দৈনিক শুক্রবার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, গবেষক ম্যাককোলস্কি গত বছরের ২৬ ডিসেম্বরের সুনামির পর আবারও প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ার ব্যাপারে আগে থেকেই সতর্ক করেছিলেন। আর তারই প্রমাণ মেলে ইন্দোনেশিয়ায় এ বছরের ২৮ মার্চ ভুমিকম্পের সাথে বিভিন্ন জায়গায় জলোচ্ছাস হওয়ার মধ্য দিয়ে।

এ বছরের ২৮ মার্চ নিয়াস দ্বীপসহ নানা জায়গায় প্রবল জলোচ্ছাস হয়।

সম্প্রতি জন ম্যাককোলস্কি এক গবেষণায় সুমাত্রার পশ্চিম তট বরাবর প্রায় এক হাজার কিলোমিটার বি¯তৃত ফাটলের সন্ধান পেয়েছেন। ওই রেখার দক্ষিণ-পশ্চিমে এবং উত্তর-পশ্চিমের দু’টি টেকটনিক প্লেট দু’দিকে ক্রমশ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কোনোভাবে প্লেট দুটি সরে গেলে যে শূণ্যতা ও প্রচন্ড সংঘর্ষের সৃষ্টি হবে, তাতে বড় রকমের ভূকম্পনের সৃষ্টি এবং ইন্দোনেশিয়াসহ ওই এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে আঘাত হানার কথা বলেছেন তিনি।

তার গবেষণায় বলা হয়েছে, ওই ভূকম্পনের মাত্রা ৭.৫ থেকে ৯ ছাড়িয়ে যেতে পারে। ভূ-কম্পনের কেন্দ্রস্থল হবে সমুদ্রপৃষ্ঠ। এর ফলে ইন্দোনেশিয়ার উপকূলে ১০ মিটার পর্যন্ত উঁচু ঢেউ বয়ে যেতে পারে।

এতে আরও বলা হয়েছে, ওই রেখার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত বাংলাদেশসহ শ্রীলংকা, ইন্দোনেশিয়া, থাইল্যাণ্ড, মালয়েশিয়া ও ভারত মহাসাগরীয় ১৯টি দেশের এর প্রভাব পড়তে পারে।

এসব দেশ সুমাত্রা দ্বীপের ভূমিকম্পের সম্ভাব্য ওই উৎপত্তি রেখার ১,০০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। ওই এলাকা বাংলাদেশের চট্টগ্রাম মাত্র ৪২৮ কিলোমিটারের মধ্যেই অবস্থিত।

গত বছরের ২৬ ডিসেম্বরের সুনামির আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, শ্রীলংকা, মালদ্বীপ ও মরিশাসে সুনামির হুশিয়ারি বার্তা পাঠানো হয়েছিল। ওই সুনামির আঘাতে ২ লাখ ৭০ হাজার মানুষ মারা যায়।