২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বাজেটে বৈদেশিক সাহায্যের পরিমাণ গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ

প্রস্তাবিত বাজেটে বৈদেশিক সাহায্যের পরিমান গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক সাহায্যের ধারা হ্রাস পেলেও চলতি বছরেও বন্যার কারণে অধিক সাহায্য পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

আগামী অর্থবছরে বৈদেশিক সাহায্য পরিমান ১৩,৩৫০ কোটি টাকা বা ২১১ কোটি ডলার পাওয়া যাবে বলে প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়। এর মধ্যে বৈদেশিক ঋন পরিমান ১৬১ কোটি ডলার ও অনুদান ৫০ কোটি ডলার। প্রস্তাবিত বাজেট মতে, আগামী বছরে গত নয় বছরে গড় বৈদেশিক সাহায্যের তুলনায় ৫০ শতাংশ সাহায্য বৃদ্ধি পাবে।

এদিকে সংশোধিত বাজেট মতে, এ অর্থবছরে বৈদেশিক অনুদান ও ঋণের পরিমান ১১,৫৪১ কোটি টাকা বা ১৮৬ কোটি ডলার। এ বছরের শুরুতে সরকারের বৈদেশিক অনুদানের প্রত্যাশার পরিমান ৩০ কোটি ডলার উল্লেখ করলেও প্রকৃতপক্ষে বন্যার কারনে অনুদান পাওয়া গেছে ৪৩ কোটি ডলার। গত নয় বছরে গড় বৈদেশিক সাহায্যের পরিমান ছিল ১৪১ কোটি ডলার।

প্রস্তাবিত বাজেট প্রতিক্রয়ায় অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বৈদেশিক সাহায্যের প্রাপ্তিও বাস্তাব প্রত্যাশার চেয়ে কিছুটা বাড়িয়ে ধরা হয়েছে। তবে বিশ্বব্যাংকের বিশেষ সহায়তা ঋণ বাজেটের সম্পদ যোগাতে সাময়িক সাহায্য করছে। এর সঙ্গে আইএমএফ’র ঋণ যোগ হয়ে বৈদেশিক রিজার্ভের পরিমান বাড়াতে কাজে লেগেছে। এ ধরণের কিস্তিগুলো হিসেবে নিয়েই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার পরিকল্পনা করা হয়েছে।

তবে আগামী অর্থবছরে সরকারের অধিক বৈদেশিক অর্থায়নের উদ্যোগ সফল হওয়ার ব্যাপারে অর্থমন্ত্রী আশাবাদী। নতুন বেতন কাঠামো, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বৃহৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে অধিক বৈদেশিক অর্থায়ন সহায়ক ভূমিকা পালন করবে।

অন্যদিকে আগামী বাজেটে নিট বৈদেশিক সাহায্যের পরিমান ১০,৩২০ কোটি টাকা বা ১৬৩ কোটি ডলার উল্লেখ করা হয়। আগামী বছরের নিট বৈদেশিক সাহায্যের পরিমান গত নয় বছরের তুলনায় ৯০ শতাংশ বেশি। বৈদেশিক সাহায্য বাড়ার পশাপাশি চলতি বছরে ও আগামী বছরে জাপানী ঋণ মওকুফের কারণে নিট বৈদেশিক সাহায্যের পরিমান বৃদ্ধি পাচ্ছে।

আগামী বছরে বিশ্বব্যাংক ৮টি প্রকল্পে ৮৪ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে। এ সাহায্য চলতি বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি অর্থাৎ ২৪ কোটি টাকা বেশি। এর পাশাপাশি আইএমএফের নতুন ঋণ সহায়তা বাড়ছে। জাপান আগামী বছরে এক হাজার ৪০ কোটি টাকা ঋণ মওকুফ করবে বলে সরকার আশাবাদী।

এদিকে জাপানী সাহায্য মওকুফের কারণে চলতি অর্থবছরে দায় পরিশোধের পরিমান ২,৭১০ কোটি টাকা বা ৪৪ কোটি ডলার। ফলে এ বছরে নিট বৈদেশিক সাহায্যের পরিমান ১৪২ কোটি ডলার। অথচ গত নয় বছরে গড় বৈদেশিক দায় পরিশোধের পরিমান ছিল ৫৫ কোটি ডলার। ফলে এসময়ে গড়ে নিট বৈদেশিক সাহায্যের পরিমান ছিল ৮৬ কোটি ডলার। গত দু’বছরে বড় ধরণের জাপানি ঋণ মওকুফের কারণে নিট বৈদেশিক সাহায্যের পরিমান গত বছর থেকে বেড়ে গেছে।