২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকারত্বের পরিসংখ্যান নিয়ে অর্থমন্ত্রী ও বিবিএস’র বিতর্ক

দেশের বেকারত্বের পরিসংখ্যান নিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

শুক্রবার জাতীয় অর্থনীতি পরিষদে আয়োজিত বাজেট পরবর্তী জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাইফুর রহমান বলেন, দেশে প্রচুর কাজ রয়েছে। গ্রামে কাজ করার কোনও মানুষ নেই।

অন্যদিকে বিবিএস’র সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ৩৫ থেকে ৪৫ শতাংশ কর্মক্ষম মানুষ অর্ধবেকার এবং ৩ থেকে ৪ শতাংশ মানুষ পূর্ণ বেকার।

উন্নয়ন সমন্বয়’র চেয়ারম্যান ড. আতিউর রহমান বলেন, বিবিএস’র দেওয়া পরিসংখ্যানের চেয়ে বাস্তবে বেকারত্বের সংখ্যা আরও বেশি হবে।

অর্থমন্ত্রীর দাবিকে অস্বীকার করে তিনি বলেন, অর্থমন্ত্রী হয়ত দেশের কিছু এলাকা বিশেষ করে সিলেটের কথা বিবেচনা করে এ কথা বলেছেন। সামগ্রিকভাবে তার দাবি সত্য নয়।

অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, অর্থমন্ত্রী অথবা বিবিএস যে কেউ জাতির কাছে ভুল ব্যাখ্যা দিচ্ছে।

তিনি বলেন, অশিক্ষিত, অল্প শিক্ষিত এবং শিক্ষিত তিন জায়গাতেই বেকারত্ব রয়েছে। দেশে শত শত মাস্টার্স ডিগ্রিধারী বেকারত্ব সমস্যায় ভুগছে।

বিবিএস সূত্র অনুযায়ী প্রতি বছর দেশের মোট বেকার সংখ্যার সঙ্গে আরও প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন নতুন বেকার যোগ দেয়। কিন্তু তাদের এক তৃতীয়াংশর জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় না।