২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে জনতা ব্যাংকের ঋণ জালিয়াতি ফাঁস, সাধারন জনগণকে হয়রানি

মাদারীপুর জনতা ব্যাংকের প্রধান শাখায় গত ৮ বছরের প্রায় ১ কোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য পাওয়া গেছে। কালকিনি উপজেলার জনতা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট একটি জালিয়াত চক্র বিভিন্ন লোকের নামে ভুয়া ঋণ নিয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অন্যদিকে ঋণ না নিয়েও ঋণ গ্রহীতার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে হয়রানির শিকার হয়েছে ৩ শতাধিক কৃষক।

জানা যায়, ইতিমধ্যে ব্যাংকের একজন সুপারভাইজারের বিরুদ্ধে কালকিনি ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ঋণ গ্রহীতার মিথ্যা মামলার ভয়ে কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের অন্তত শতাধিক সংখ্যালঘু গ্রাম থেকে পালিয়ে বেড়াচ্ছে।

সূত্র জানায়, মাদারীপুর জনতা ব্যাংকের প্রধান শাখা হতে ৯৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ৪৯৮টি ঋণ হিসাবের বিপরীতে প্রায় ৮৫ লাখ টাকা ঋণ প্রদান করা হয়। এর মধ্যে কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকা শশিকরসহ আশেপাশের গ্রামের প্রায় ১০০ ব্যক্তির নামে এ ঋণ দেখানো হয়। ব্যাংকের একটি তদন্তে প্রাথমিকভাবে ৪১ ব্যক্তির নামে ভুয়া ঋণ তোলার ঘটনা এবং এর সাথে ব্যাংকের সুপারভাইজার কৃষ্ণকান্ত বিশ্বাস জড়িত আছে মর্মে তথ্য ফাঁস হলে, ব্যাংক উক্ত সুপারভাইজারের বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত সুপারভাইজার বর্তমানে পলাতক রয়েছে।

জনতা ব্যাংকের জাহাঙ্গীর হোসেন বিডিনিউজকে জানান, সুপারভাইজার কৃষ্ণকান্ত বিশ্বাসের বিরুদ্ধে প্রায় ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওই কর্মকর্তা আরও ১১ জন ঋণ গ্রহীতার ৩৯ হাজার টাকা আত্মসাত করেছেন বলে জানা যায়।

কালকিনির শশিকর এলাকার শতাধিক লোক লিখিতভাবে জানান, ঋণ গ্রহীতার তালিকায় এলাকার অন্তত ২৫ জনের নাম রয়েছে, যারা কোনদিন ঋণ গ্রহণ করেনি। ঋণ গ্রহীতার তালিকায় আরও রয়েছে মৃত ৬ জন, প্রতিবন্ধী ৭ জন, অন্ধ ৩ জন। ব্যাংকের রশিদ আছে অথচ ব্যাংকে টাকা জমা হয়নি, এর সংখ্যা ৪০ জন। শশিকরের বাসিন্দা নয় এমন ৪৫ ব্যক্তির নামেও ঋণ তোলা হয়েছে।

জনতা ব্যাংকের মাদারীপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক আবদুল সালাম বিডিনিউজকে জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ব্যাংকের উর্ধ্বতন মহলের নির্দেশে গঠিত তদন্ত কমিটি তদন্ত করে জানতে পেরেছে, ব্যাংকের তৎকালীন ম্যানেজারসহ আরও অনেকেই এই জালিয়াতির সাথে জড়িত রয়েছে বিধায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নিরীহ কৃষকদের ব্যাপারে যারা ভুয়া ঋণের শিকার তাদের ব্যাপারে কিছু করা হবে কিনা তা ম্যানেজার বলতে পারেননি। ফলে ভুয়া ঋণের মামলায় পুলিশী হয়রানীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে অনেক কৃষক।