২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নিহত

জেলার খোকসার হিজলাবট গ্রামের খানপুর দ্বীপচর এলাকায় পুলিশের সঙ্গে চরমপন্থী ক্যাডারদের বন্দুকযুদ্ধে শনিবার ভোর ৪টার দিকে এক চরমপন্থী নেতা নিহত হয়েছে। নিহত চরমপন্থী নেতার নাম আব্দুল লতিফ (৩২)।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 11:45 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

পুলিশ জানায়, শুক্রবার ঢাকার নাখালপাড়া থেকে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা একদিলের সহযোগী আব্দুল লতিফকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর র‌্যাব সদস্যরা তাকে খোকসা থানা পুলিশের কাছে সোপর্দ করে। র‌্যাব সেসময় পুলিশকে আব্দুল লতিফের দলের অস্ত্র ভান্ডার ও সদস্যদের ব্যাপারেও অবহিত করে।

খোকসা থানা পুলিশ ওই দিন রাতেই লতিফকে নিয়ে অস্ত্র উদ্ধার ও তার সহযোগী চরমপন্থী ক্যাডারদের গ্রেফতারের জন্য হিজলাবট গ্রামের খানপুর দ্বীপচর এলাকায় পৌঁছালে, সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা চরমপন্থী ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

পুলিশও পাল্টা গুলি চালালে দু‘পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুক যুদ্ধের এক পর্যায়ে পুলিশ হেফাজত থেকে লতিফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

তার নামে ৪টি হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

উল্লেখ্য, নিহত লতিফ খোকসার ওসমানপুর ইউপির হিজলাবট গ্রামের ফিরোজ রহমানের ছেলে।