২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট পাশের আগেই সিম কার্ডের দাম বৃদ্ধি

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় মোবাইলের সিমকার্ডের ওপর শুল্ক আরোপের প্রস্তাবের পর নগরীর বেসরকারি মোবাইল ফোন বিক্রেতারা অধিক মূল্যে সিম বিক্রি করছে এবং কেউ কেউ ভবিষ্যত লাভের আশায় সিম বিক্রি আপাতত বন্ধ রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আমদানিকৃত মোবাইল সেটের ওপর ১৫০০ টাকা থেকে ৩০০ টাকায় শুল্ক কমিয়ে আনার ও প্রতি সিম কার্ডের ওপর ১২০০ টাকা শুল্ক আরোপের প্রস্তাব করেন।

ইস্টার্ণ প্লাজা, মোতালিব প্লাজা, এলিফেন্ট রোড, নিউমার্কেট ও স্টেডিয়াম মাকের্টের মোবাইল দোকানগুলোতে ঘুরে দেখা গেছে, বিক্রেতারা প্রতিটি সিমে অতিরিক্ত ২০০ থেকে ৫০০ টাকা দাবি করছে। অনেকেই সিম কিনতে অতিরিক্ত দাম দেখে খালি হাতে ফিরে গেছেন।

তবে মোবাইল কোম্পানিগুলোর কর্মকর্তারা বলেন, আমরা যেহেতু খুচরা বিক্রেতাদের কাছ থেকে সিমের জন্য অতিরিক্ত চার্জ নিচ্ছি না তাহলে কেন তারা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নেবে।

তারা বলেন, বাজেটে সিমের ওপর শুল্ক আরোপ করার প্রস্তাব এখন ‘নতুন সমস্যা’ হিসেবে দেখা দিয়েছে। অতিরিক্ত চার্জ আরোপের বিষয়টি তাদের হতাশ করেছে। তাছাড়া গ্রাহকদের ঘাড়ে গিয়েই পড়বে এই অতিরিক্ত চার্জ।

ইস্টার্ণ প্লাজার ইউনিভার্সাল মোবাইল শপের বিক্রেতা আলমগীর হোসেন বিডিনিউজকে বলেন, বর্তমানে মোবাইল বিক্রেতাদের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। কেউ কেউ সিম মজুদ করছে, কেউ বেশি দামে বিক্রি করছে, আবার কেউ বিক্রিই বন্ধ করে দিয়েছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত চার্জের ব্যয়ভার কোম্পানিগুলো বহন করবে, না গ্রাহকরা বহন করবে তা বুঝতে পারছি না। আর বুঝতে পারছি না বলেই আমাদের ক্ষতি হচ্ছে।

মোতালিব প্লাজার মোবাইল বিক্রেতারা জানান, অন্যান্য বিক্রেতাদের মতো তারাও সিম প্রতি গ্রাহকদের কাছ থেকে ৫০০ টাকা অতিরিক্ত চার্জ নিচ্ছেন।

তারা বলেন, আমরা দালালদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা দিয়ে সিম কিনছি তাই গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নিতে হচ্ছে।

একেটেলের অপারেটর টিএম ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) লিমিটেডের সমন্বয়কারী পরিচালক ফজলুর রহমান শুক্রবার বিডিনিউজকে বলেন, সিমের ওপর কর আরোপের সিদ্ধান্তে কোম্পানিগুলোর পাশাপাশি গ্রাহকরাও ক্ষতিগ্রস্থ হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের ক্রেতারা। তাছাড়া কর আরোপের ফলে সিম বিক্রি কমে যাবে। ফলে এক্ষেত্রে সরকারের রাজস্ব আয়ও কমে যাবে।

সিটিসেলের অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ইন্তেখাব মাহমুদ বলেন, মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ এবং দেশের টেলিফোন গ্রাহকের সংখ্যা বিবেচনা করে সিমের ওপর থেকে আরোপিত শুল্ক প্রত্যাহার করতে হবে।

গ্রামীণ ফোনের প্রধান পরিচালক খালেদ হাসান বলেন, প্রস্তাবিত বাজেটে মোবাইল সেট আমদানিকারকদের স্বার্থ দেখা হয়েছে। অন্যদিকে মোবাইল অপারেটরদের স্বার্থবিরুদ্ধ সিন্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে সিম বিক্রির হার কমে আসবে।

তিনি আরও বলেন, আমরা গ্রামাঞ্চলেও আমাদের নেটওয়ার্কের বিস্তার ঘটাতে চাই। কিন্তু সেখানকার জনগণ অতিরিক্ত চার্জ বহন করতে সক্ষম নয়।

এর আগে রয়্যালটি হিসেবে সরকারকে প্রতিবছর গ্রাহকদের ১১০০ টাকা দিতে হত। তবে মোবাইল কোম্পানিগুলোর দায়ের করা মামলায় আদালতের নিষেধাজ্ঞা থাকায় ২০০০ সালের নভেম্বর থেকে ওই চার্জ নেয়া বন্ধ রয়েছে।