২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জুনকে জাতীয়ভাবে ভূমি অধিকার দিবস হিসেবে পালনের আহ্বান

ঘুঘুদহ বিলে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের ২০ বছর পূর্তিতে আয়োজিত ভূমি অধিকার দিবসের কর্মসূচিতে বক্তারা প্রতি বছর ১০ জুনকে জাতীয়ভাবে ভূমি অধিকার দিবস হিসেবে পালনের জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

শুক্রবার পাবনায় ঘুঘুদহ বিলের পাড়ে কয়েকটি বেসরকারি সংস্থার সমম্বয়ে গঠিত ভূমি অধিকার দিবস জাতীয় উদ্যাপন পরিষদ আয়োজিত ভূমিহীন সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঘুঘুদহ বিলে ১৯৮৫ সালে সাড়ে তিন হাজার একর খাস জমিতে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা হওয়ার ঘটনা এদেশের ভূমি অধিকার আন্দোলনে সৃষ্টি করে এক নতুন ইতিহাস।

পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, নওগাঁ, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুরসহ প্রায় ৪০ জেলা থেকে প্রায় ৫০ হাজার নারী-পুরুষ সমাবেশে যোগ দেন। এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল ও ভূটানের ভূমিহীন প্রতিনিধিরা সমাবেশে অংশগ্রহণ করেন।

জাতীয় উদ্যাপন পরিষদের আহ্বায়ক খুশি কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. শহীদুল্লাহ, উদ্যাপন পরিষদের সদস্য সচিব ও সমতার নির্বাহী পরিচালক আবদুল কাদের, ব্যারিস্টার সারা হোসেন, এডিএসসি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, এএলএআরডি’র মিজানুর রহমান চৌধুরী, প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক, ল্যান্ড সভাপতি অ্যাডভোকেট বরকত আলী এবং ভারতের একতা পরিষদের সন্তোষ সিং, অনিল কুমার গুপ্ত প্রমুখ।

সমাবেশে ভূমি অধিকারের ক্ষেত্রে অবদানের জন্যে চারজনকে মরণোত্তরসহ ১৫ জনকে সম্মাননা প্রদান এবং ভূমি বিষয়ে কাজ করার জন্যে বেসরকারি সংগঠন নিজেরা করি, এলডিও, কৃষক ফেডারেশন, পল্লীবন্ধু এবং সুশীলনকে ক্রেস্ট প্রদান করা হয়।

ভূমিহীনরা সংগঠিত হয়ে ১৯৮৫ সালের ১০ জুন ঘুঘুদহ বিলে সাড়ে তিন হাজার একর খাস জমি দখলে নেয়। পরে সরকার বেসরকারি সংগঠন সমতার মাধ্যমে এ জমি ভূমিহীনদের মধ্যে বিতরণ শুরু করে। ১৯৯৯ সাল থেকে সমতাসহ বিভিন্ন এনজিও ১০ জুনকে ভূমি অধিকার দিবস হিসেবে পালন করে আসছে।

সমতা’র নিবার্হী পরিচালক আবদুল কাদের বিডিনিউজকে বলেন, এ পর্যন্ত পাঁচ হাজার পরিবারের মধ্যে স্বামী-স্ত্রীর যৌথ নামে প্রায় ১০ হাজার বিঘা খাস জমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেয়, যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। তিনি আরও জানান, বর্তমানে অন্যান্য বিলের খাস জমি চিহ্নিত এবং ভূমিহীনদের মধ্যে বিতরণের কাজ চলছে। পাবনা, সিরাজগঞ্জ ও রাজবাড়ী জেলায় এ ধরনের খাস জমি উদ্ধার এবং ভূমিহীনদের মধ্যে বিতরণের জন্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে।