২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সপো ২০০৫: সরাসরি বিদেশি বিনিয়োগের আহবানে বাংলাদেশ

উন্নত দেশগুলোর কাছে সরাসরি বিনিয়োগের আহবান জানানোর মধ্য দিয়ে জাপানের আইচিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো ২০০৫ এ ‘জাতীয় দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

জাতীয় দিবস উদযাপনকালে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, দেশের প্রধান বিনিয়োগ সহায়তাকারী হিসেবে আমি বাংলাদেশে সব ধরনের বিদেশি প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিচ্ছি।

ছয় মাসব্যাপী বৃহৎ এই বাণিজ্য মেলা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার মেলার প্রধান হলে আয়োজিত অনুষ্ঠানে শীর্ষস্থানীয় জাপানী ব্যবসায়ীসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা যোগ দেন। অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহী জাপানী বিনিয়োগের ওপর জোর দেন।

মাহমুদুর রহমান জাপানী বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ স্বচক্ষে দেখার আমন্ত্রন জানিয়ে বলেন, জাপানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সুসম্পর্ক বজায় থাকলেও বাংলাদেশে জাপানী বিনিয়োগের পরিমান খুব কম। তিনি ২০০৫ সালের মার্চে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন পরিচালিত ১৫তম সার্ভে রিপোর্টের উপর ভিত্তি করে এশিয়ার বিভিন্ন নগর ও অঞ্চলে বিনিয়োগ ব্যয়ের তুলনামূলক চিত্র তুলে ধরেন।

প্রতিবেদনে দেখা যায়, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় গত বছর বাংলাদেশে বিনিয়োগ ব্যয়ের পরিমান কমে এসেছে এবং প্রতিযোগিতামূলকভাবে বিদেশি বিনিয়োগের উপযোগী সুষ্ঠু পরিবেশ গড়ে উঠেছে।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেন, ধীরে ধীরে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামুলক অবস্থানে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাপানের ভাইস মিনিষ্টার এবং অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক পার্লামেন্টারি সেক্রেটারি কোইচি হিরাতা এবং ২০০৫ বিশ্ব বাণিজ্য মেলা, আইচি’র আয়োজক জাপান এসোসিয়েশনের ভাইস চেয়ারপারসন হারুমি সাকামোতো।

অনুষ্ঠানে বক্তরা নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র ঋণ ও বিভিন্ন সামাজিক ক্ষেত্রে সফলতার জন্য বাংলাদেশের প্রশংসা করেন।

জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, মেলায় অংশগ্রহনকারী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা নাসরিন আউয়াল মিন্টু, মেলায় বাংলাদেশের ডেপুটি কমিশনার জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন, বাংলাদেশ প্যাভিলিয়নের পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম।

এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হয়। জাপানে বসবাসরত বাংলাদেশিরাও এই অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশের ডেপুটি কমিশনার জেনারেল আব্দুল মতিন বিডিনিউজকে জানান, প্রথম থেকেই আমরা মেলায় অন্যান্য অংশগ্রহনকারীদের মতোই দর্শকদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছি।

২৫ মার্চ থেকে শুরু হওয়া বিশ্বের সর্ববৃহৎ এই মেলা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন প্রায় ৫০ হাজার দর্শক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করছে।