কালো টাকা সাদা করার সময় বাড়ানোয় সিপিডি’র সমালোচনা
কালো টাকা সাদা করার সময়সীমা বাড়ানোর প্রস্তাবের কড়া সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার তার বাজেট প্রস্তাবনায় ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানোর কথা বলেন। কিন্তু চলতি বছরের ৩০ জুন এ সুযোগ শেষ হবার কথা।
সিপিডি’র নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য শুক্রবার বলেন, আমরা মনে করি, এ সুযোগের ফলে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের আশংকা, এ সুযোগ গ্রহন করে কেউ রাষ্ট্রায়ত্ত্ব¡ রূপালী ব্যাংক কিনে নেবে।
তিনি আরও বলেন, আমারা মনে করি, আগামী নির্বাচনের স্বার্থে এ ধরনের প্রস্তাব রাখা হয়েছে।
এম সাইফুর রহমান নুতন বাজেটে অপ্রকাশিত আয়ের ওপর শতকরা ৭ দশমিক ৫ ভাগ কর পরিশোধ সাপেক্ষে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সময়সীমা ৩০ জুন ২০০৬ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখেন।
এর আগে সাইফুর রহমান ঘোষনা করেন যে, তিনি কালো টাকা সাদা করার সময় ফের দীর্ঘায়িত হতে দেবেন না।
সিপিডির বাজেট বিশ্লেষনে বলা হয়, আমরা মনে করি, অর্থমন্ত্রীর এ ধরনের পিছু ফেরার প্রক্রিয়া আসলে কর প্রদানকারীদের জন্য একটি ভূল সংকেত। এর মধ্য দিয়ে অন্যান্য অর্থনৈতিক উদ্যোগের বিশ্বাসযোগ্যতাও হ্রাস পাবে।
