২০০৬ সালে তৃতীয় কর্ণফুলি সেতুর নির্মাণ কাজ শুরু
কুয়েত সরকারের অর্থায়নে চট্টগ্রামবাসীর দীর্ঘ প্রত্যাশিত তৃতীয় কর্ণফুলি সেতুর নির্মাণ কাজ ২০০৬ সালে শুরু হবে। বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, কুয়েত সরকার কয়েকদিন আগেই তৃতীয় কর্ণফুলি সেতু নির্মাণের জন্য ৩১৫ কোটি টাকা সহায়তা প্রদানের চুড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করেছে। এ আর্থিক সহায়তা প্রদানের ফলে ২০০৬ সালের শুরুতেই সেতু নির্মাণের কাজ শুরু করা যাবে।
তৃতীয় কর্ণফুলি সেতু দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের একটি দাবি। বর্তমান শাহ আমানত সেতু এবং কালুরঘাট সেতুটি ভারী যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মূল শহরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের জন্য এ এলাকার ২০ লাখ লোককে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সেতু নির্মিণ হলে চট্টগ্রামের সঙ্গে পটিয়া, আনোয়ারা, সাতকানিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, কর্ণফুলি, বান্দরবান এবং পর্যটন শহর কক্সবাজারের সড়ক যোগাযোগ সুবিধা আরো সহজ হবে।
এছাড়া এ সেতু মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধিতে অত্যন্ত ফলপ্রসু অবদান রাখবে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ বছরের শুরতে এ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
