কর্নফুলীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প : বন্দর কর্তৃপক্ষ ও বুয়েটের মধ্যে চুক্তি
কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে কনসালটেন্সির জন্যে বন্দর কর্তৃপক্ষ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বন্দর ভবনে বৃহস্পতিবার বন্দর চেয়ারম্যান এ এম শাহাদাত হোসেন ও বুয়েটের শিক্ষক ডঃ আলমগীর হাবিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বন্দর সূত্র জানায়, চুক্তি অনুযায়ী ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের টেন্ডার পরিপত্র তৈরি এবং বাস্তবায়ন কাজ তদারকি করবে বুয়েট বিশেষজ্ঞরা।
জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো অপারেশান(জেবিআইসি) এর অর্থায়নে ৭৪ কোটি টাকা ব্যয়ে কর্নফুলী নদীর এক নম্বর জেটি হতে শাহ আমানত ব্রীজ পর্যন্ত ক্যাপিটাল ড্রেজিং করা হবে।
এই ড্রেজিং প্রকল্প বাস্তবায়িত হলে ওই জেটি হতে শাহ আমানত ব্রীজ পর্যন্ত দীর্ঘ দিন থেকে জমে থাকা বালুর স্তুপ অপসারিত হবে এবং একইসাথে মহানগরীর বর্জ্য থেকে বন্দর চ্যানেল রক্ষা পাবে।
ড্রেজিং থেকে প্রাপ্ত বালু শাহ আমানত সেতু থেকে বন্দর পর্যন্ত সংযোগ সড়ক ও মেরিন ড্রাইভ ওয়ের নির্মান কাজে লাগানো হবে বলে বন্দর সূত্র জানায়।
