দেশের বাইরে দু’টি মেলা থেকে ১৬৫ কোটি টাকার তাৎক্ষণিক অর্ডার পেয়েছে রিহ্যাব
দেশের বাইরে লন্ডন ও নিউ ইয়র্কে অনুষ্ঠিত দু’টি আবাসন মেলায় রিহ্যাব প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে ১৬৫ কোটি টাকার স্পট অর্ডার এবং আরও ২৮০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে।
লন্ডন ও নিউইয়র্ক মেলার সাফল্য এবং বানিজ্যিক উদ্দেশ্য অর্জন সম্পর্কে বুধবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে রিহ্যাব কর্মকর্তারা এই তথ্য জানান।
রাজধানীর এক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে রিহ্যাব সভাপতি ড. তৌফিক এম সিরাজ বলেন, দেশের বাইরের দু’টি মেলা থেকে কাংখিত লক্ষ্যমাত্রার চাইতে প্রায় দ্বিগুণ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
মেলা দু’টিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি (প্রায় ৫০,০০০)’র অংশগ্রহণে উদ্বুদ্ধ হয়ে প্রতিবছর ইংল্যান্ড ও আমেরিকা ছাড়াও দুবাই আর জাপানেও এই ধরনের মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে রিহ্যাবের।
নিউ ইয়র্কে বসবাসকারী প্রায় ২৫,০০০ এবং লন্ডনের প্রায় ২৪,০০০ বাংলাদেশি এই মেলা দেখতে আসে। নিউ ইয়র্কের মেলায় ৩৭টি এবং লন্ডনের মেলায় ৪০টি রিয়েল এস্টেট কোম্পানি অংশ নেয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, রিহ্যাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহমুদুল হাসান, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এসএম আনোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক প্রকৌশলী তানভীরুল হক প্রবাল ও মেলার কনভেনর রবিউল হক।
রিহ্যাব সভাপতি তার বক্তব্যে আসন্ন বাজেটে গৃহ ঋণের সুদের হার, জমি রেজিস্ট্রেশনের হার কমনোসহ নির্মাণ সামগ্রীর দাম নাগালের মধ্যে রাখার আহবান জানান। হাউজিং সেক্টর, বিশেষ করে রিয়েল এস্টেট কোম্পানিগুলো এবং ব্যক্তিগত পর্যায়ে পরিকল্পিতভাবে যাতে ভবন নির্মাণ করা হয় সেজন্য একটি সমন্বিত নীতিমালা প্রনয়নের দাবি জানান তিনি।
রিহ্যাব সুত্রে জানা যায়, লন্ডনে প্রথমবারের মত আয়োজিত মেলায় ৪০ কোটি টাকার স্পট সেল এবং ৮০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়। এই মেলায় ৮৯ টি এপার্টমেন্ট, ১৩৯টি প্লট এবং চারটি বানিজ্যিক প্লট বিক্রি হয়।
অন্যদিকে নিউ ইয়র্কের ম্যানহাটন সেন্টারে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী মেলায় স্পট সেলের পরিমান ছিল ১২৫ কোটি টাকার এবং ২০০ কোটি টাকার চুক্তিও হয়েছে। নিউ ইয়র্ক মেলায় ২০৪টি এপার্টমেন্ট, ৪৯৯টি আবাসিক প্লট এবং ছয়টি বাণিজ্যিক প্লট বিক্রি হয় বলে জানান রিহ্যাব কর্মকর্তারা।
