আদভানির পদত্যাগ: পশ্চিমবঙ্গের রাজনীতিকদের মন্তব্য
পশ্চিমবঙ্গের বিশিষ্ট রাজনীতিকরা এল কে আদভানির পদত্যাগের বিষয়টিকে বিজেপির একটি অভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে গেলেও তারা দলটির অভ্যন্তরীণ অস্থিরতার দিকে তীক্ষ্ন নজর রাখছেন।
ভারতের কমিউনিস্ট পার্টি ও কংগ্রেস নেতারা অবশ্য বলছেন, আদভানির আকষ্মিক পদত্যাগের মধ্য দিয়ে সংঘ পরিবারের অধৈর্য্য প্রকাশ পেয়েছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জী মঙ্গলবার বলেন, “আদভানির মতো একজন নেতার প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও বজরং দল যে দুর্ব্যবহার করেছেন, তাতে যে কেউ সহজেই অনুমান করতে পারেন, তারা সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীদের প্রতি কেমন আচরণ করতে পারে।”
সিপিএম এর পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদক অনিল বিশ্বাস বলেন, “বছরের পর বছর ধরে তিনি (আদভানি) ভারতের যে অপশক্তির পূজা করেছেন, এবার তিনি নিজেই সেই শক্তির শিকার হয়েছেন। ভারতে সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প তিনি ছড়িয়েছেন, এবার স্বয়ং তাকেই এর মোকাবেলা করতে হচ্ছে।”
ইতোপূর্বে পাকিস্তান সফরকালে বাবরি মসজিদ ধ্বংস নিয়ে আদভানির দুঃখ প্রকাশের বিষয়টিকে জ্যোতি বসু ‘প্রতারণাপূর্ণ’ বলে মন্তব্য করেন। জ্যোতি বসু বলেন, “এল কে আদভানি কাদেরকে বোকা বানাতে চাচ্ছেন? বাবরি মসজিদ স্বয়ং আদভানি ও বিজেপির অন্যান্য শীর্ষ নেতার সামনে ধ্বংস করা হয়েছিলো।এটি ছিলো পূর্বপরিকল্পিত। এসময় বিজেপির সকল নেতাকর্মীকেই বেশ উল্লসিত দেখা গেছে। এখন আদভানি কিভাবে বলেন যে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর তার জীবনের সবচে’ দুঃখজনক দিন?”
প্রণব মুখার্জী বলেন, “আদভানির পদত্যাগ বিজেপির একটি অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু জিন্নাহ সম্পর্কে আদভানি যে মত ব্যক্ত করেছেন তার সাথে আমি একমত হতে পারি না।
তিনি বলেন, জিন্নাহ সম্পর্কে কোনও ব্যক্তি বিশেষের মন্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। জিন্নাহ কে, সে মূল্যায়ন ঐতিহাসিকরাই করবেন।”
