২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা শহরের ১৫০টি পুকুর ভরাট করা হয়েছে, বাকিগুলো ভরাটের পাঁয়তারা চলছে

মাত্র দু‘দশকের ব্যবধানে হারিয়ে গেছে কুমিল্লা শহরের ১৫০টি পুকুর। প্রতি বছর গড়ে সাত-আটটি পুকুর ভরাট করা হচ্ছে। পৌরসভার হিসেব মতে, শহরে এখনও শতাধিক পুকুর, দিঘি ও জলাধার রয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

পৌরসভার প্রধান প্রকৌশলী বিডিনিউজকে জানান, আশির দশকের মাঝামাঝি সময় থেকে কুমিল্লায় পুকুর ভরাট শুরু হয় এবং এ ধারা এখনও অব্যাহত আছে। তিনি আরও জানান, ১৯৮৫ থেকে এ পর্যন্ত কুমিল্লা শহরে প্রায় ১৫০টির মতো পুকুর, দিঘী ও জলাধার ভরাট হয়েছে।

এরই মধ্যে ঠাকুরপাড়া মদিনা মসজিদ সংলগ্ন পুকুর, মোগলটুলীর লালা দীঘি, ছোটরা রেজিস্ট্রি অফিসের পেছনের দীঘি (যেখানে একটি হাউজিং এস্টেট হয়েছে এখন), ফরিদা বিদ্যায়তনের পূর্ব পাশের দু’টি পুকুর, ডিগাম্বরীতলার মসজিদ সংলগ্ন পুকুর, ঠাকুরপাড়া জোড় পুকুর, রেসকোর্স কবরস্থানের ভেতরের পুকুরসহ অসংখ্য উল্লেখযোগ্য পুকুর ভরাট করা হয়েছে।

পৌরসভার সূত্র মতে, এখন পৌর এলাকায় ১৫১টি পুকুর, দীঘি ও জলাশয় রয়েছে। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন ১০২টি, সরকারি ৪৮টি এবং পৌরসভার ১টি।

অবহেলা আর পরিচর্যার অভাবে পৌর এলাকার অধিকাংশ পুকুরই এখন মজা ও পরিত্যক্ত, ময়লা, আবর্জনা, কচুরীপানায় ভরপুর, মশা, মাছি আর পোকা-মাকড়ের আবাসস্থল।

বেশির ভাগ পুকুরই ব্যক্তি মালিকানাধীন সেগুলো খালি ফেলে না রেখে ভরাট করে বাড়িঘর তৈরি করে ভাড়া দিলে কিংবা ব্যবসা-প্রতিষ্ঠান গড়ে তুললে বেশি লাভবান হওয়া যায় বলে পুকুর মালিকরা মনে করেন। পরিবেশ, প্রতিবেশ কিংবা প্রাকৃতিক ভারসাম্য নিয়ে না ভেবে প্রতিবেশী, প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে এগিয়ে চলছে পুকুর ভরাট প্রতিযোগিতা।