২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সেনানিবাস সম্প্রসারণের জন্যে ভূমি অধিগ্রহণ স্থায়ীভাবে বন্ধের দাবি

পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ কমিটি বান্দরবানের রুমায় সেনানিবাস সম্প্রসারণের জন্যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

মঙ্গলবার বান্দরবান শহরের উজানীপাড়া টেরেনাস হলে অনুষ্ঠিত আদিবাসীদের এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ কমিটির বান্দরবান জেলা সভাপতি জুমলিয়ান আমলাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তৃতা করেন কমিটির কেন্দ্রীয় সভাপতি গৌতম দেওয়ান, সাধারণ সম্পাদক সুদত্ত তঞ্চঙ্গা, আদিবাসী নেতা অভয় চাকমা, জেলা সংহতি সমিতির সহ-সভাপতি জলি মারমা।

সভা শেষে এক প্রেস ব্রিফিং এ কমিটির সভাপতি গৌতম দেওয়ান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, কোন ধরণের প্রশাসনিক নিষেধাজ্ঞা আরোপ করে আদিবাসীদের ভূমি অধিকার আন্দোলনকে দমিয়ে রাখা যাবেনা।

সর্বস্তরের জনগণকে পাশে নিয়ে শিগগিরই সেনানিবাস সম্প্রসারণের মাধ্যমে আদিবাসী উচ্ছেদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান গৌতম দেওয়ান। তিনি জনগণকে ভূমি থেকে উচ্ছেদ করার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করা হবে বলে জানান।

তিনি আরো জানান, সামাজিক বনায়নের নামে সরকার ১৯৮৯ সালে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ৮৩ টি মৌজার ২ লক্ষ ১৮ হাজার একর জমি অধিগ্রহণ করে। একই সাথে বান্দরবানে আর্টিলারী ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য সাড়ে ১১ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়। এছাড়া রুমা সেনানিবাস সম্প্রসারণের জন্য ৯৫৬০ একর ভূমি অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপের ফলে প্রায় ১ লক্ষ আদিবাসী নাগরিক নিজ ভূমি থেকে উচ্ছেদ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বর্তমানে বণ্য প্রানীর চেয়েও গুরুত্বহীন বিবেচনা করা হচ্ছে। আধুনিক বিশ্বে বণ্য প্রাণীদের অস্তিত্ব রক্ষায় অভয়ারণ্য গড়ে তোলা হচ্ছে। অথচ সরকার আদিবাসীদের অস্তিত্ব রক্ষার শেষ আশ্রয় থেকেও তাদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে।