১ রুপি দিয়ে এয়ার ডেকান ভ্রমনের সুবর্ণ সুযোগ!
ভারতের বেসরকারি এয়ারলাইন এয়ার ডেকান অভ্যন্তরীণ বিভিন্ন রুটে এক রুপির টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে। তবে এক রুপি টিকিটের সাথে ২২১ রুপি করও প্রযোজ্য হবে।
এয়ার ডেকান এয়ারলাইন কর্তৃপক্ষ এইচপিসিএল’র পেট্রোল পাম্পগুলোর মাধ্যমে টিকিট বিক্রির অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন। এ ব্যাপারে তারা হিন্দুস্থান পেট্রোলিয়ামের সাথে এক কৌশলগত চুক্তিতে পৌছেছে।
৭ জুন থেকে ৩১জুলাই পর্যন্ত এই অফারের অধীনে এয়ার ডেকানের বিভিন্ন রুটে ভ্রমন করা যাবে। এক মাসের মধ্যে ১০০০টি এক রুপির টিকিট বিক্রি করা হবে বলে এয়ারলাইনের চীফ ক্যাপ্টেন জি আর গোপিনাথ নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান।
এয়ারলাইনটির যে সব রুটে এক রুপির টিকিট প্রযোজ্য হবে তা হলো-দিল্লি-বাঙ্গালোর, বাঙ্গালোর-মুম্বাই, মুম্বাই-দিল্লি, দিল্লি-কলকাতা, কলকাতা-হায়দারাবাদ-কলকাতা, কলকাতা-চেন্নাই, চেন্নাই-মুম্বাই, মুম্বাই-কইমবাটর-মুম্বাই, দিল্লি-গৌহাটি-দিল্লি এবং দিল্লি-বাগদোগরা-দিল্লি।
গোপিনাথ আরও জানান, ৬ জুলাই থেকে দিল্লি-বাঙ্গালোর এবং বাঙ্গালোর-মুম্বাই রুটে আরও কম ভাড়ায় যাত্রিরা ভ্রমণ করতে পারবেন। ওই দুটি রুটে যথাক্রমে ৪৬০০ রুপি ও ২৬০০রুপি টিকিটে ভ্রমণ করা যাবে।
অন্যদিকে এয়ার ডেকান’র হিন্দুস্থান পেট্রোলিয়ামের চুক্তি ভারতের আনাচে কানাচে এয়ারলাইনটির টিকিট বিক্রয়ের নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হবে।
আগামী ছয় মাসের প্রতি মাসে এয়ার ডেকান’র উড়োজাহাজ বহরে একটি করে এয়ারবাস এ-৩২০ এবং এটিআর যুক্ত হবে বলে গোপিনাথ জানান।
