বিদিশাকে হাসপাতালে ভর্তির জন্যে সরকারের প্রতি হাইকোর্টের আদেশ
চিকিৎসার জন্য বিদিশাকে অতিসত্বর হাসপাতালে ভর্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মোজাম্মেল হক এই আদেশ দেন। এছাড়াও বিদিশার পরিবারের কোন সদস্যকে গ্রেফতার অথবা হয়রানি করা থেকে বিরত থাকার জন্য পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে বিদিশার বাবা অধ্যাপক আবু বকর সিদ্দিক এবং দুই বোন দিশা ও মনিষা অসুস্থ বিদিশার জন্য ডিভিশন বরাদ্দ ও ওকালতনামায় স্বাক্ষরের জন্য আইনজীবীর সাথে দেখার করার অনুমতি চেয়ে দু’টি রিট পিটিশন দাখিল করেন। তাদের পক্ষে রিট পিটিশন দু’টি আদালতে দাখিল করেন অ্যাডভোকেট এসএম সালাউদ্দিন, ব্যারিস্টার তানজিবুল আলম ও ব্যারিস্টার সারাহ হোসেন।
বিদিশা এরশাদকে শনিবার এরশাদের বাসভবন থেকে প্রতারণা, জালিয়াতি, চুরি, হত্যা চেষ্টা ও ভাংচুরের অভিযোগে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রোববার তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়।
পুলিশ সোম ও মঙ্গলবার বিদিশাকে সাথে নিয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসভবনে তল্লাশি চালায়। এছাড়া স্পেশাল ব্রাঞ্চ কার্যালয়ে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিন) ওবায়দুর রহমান জানান, বিদিশা এরশাদের অফিস ‘মানচিত্র’, বনানীতে অবস্থিত বুটিক শপ ‘ইসাবেল’ এবং তার বোন মনিষার বাসবভনসহ প্রায় সাত-আটটি স্থানে তল্লাশি চালানো হয়েছে।
