২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ৮ আহত ২৯

পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার সারাদেশে ইসলামী ঐক্যজোট আমিনী গ্রুপের যুগ্ম মহাসচিবসহ আটজন নিহত এবং ২৯ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচংয়ের কোরপাই নামক স্থানে রোববার রাত দেড়টায় কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইসলামী ঐক্যজোট আমিনী গ্রুপের যুগ্ম মহাসচিব মাওলানা ইসহাক ফরিদী (৫৫) এবং মাইক্রোবাস চালক মো. রাসেল (২১) নিহত এবং সাত জন আহত হয়।

পুলিশ জানায়, রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচংয়ের কোরপাইয়ে চট্টগ্রামগামী মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-গ-১২-১৪৭৭) এর সাথে ঢাকাগামী কাভার্ড ভ্যান (চট্ট-মেট্রো-ড-২৩২৭) এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী ইসহাক ফরিদীর সফরসঙ্গী কুমিল্ল¬ার বরুড়ার মাওলানা ওবায়দুল¬াহ আশ্রাফ (৪৫), ঢাকার মাওলানা হাসান ফারুক (৩৫), হাজী ফজলুল হক (৬০), বাড্ডার মুশফিকুর রহমান (৪৫), মাওলানা আবু ইউসুফ (৪০) এবং লালমনিরহাট জেলার নুরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে আছে। কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে বুড়িচং থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, পিরোজপুর জেলার কাউখালি উপজেলায় সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি বাসের (খুলনা-ব-৯১৪) সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সোলায়মান (৩৫) নিহত এবং অপর আরোহী ইকবাল (২৫) গুরুতর আহত হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে রেহানা আক্তার (১০) নিহত এবং আরও ১৫ বাস যাত্রী আহত হয়। আহতদের কাউখালি, রাজাপুর ও বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সোমবার বিকেলে জেলার কাজীপুর উপজেলার সোনামুখি গামী একটি লোকাল বাস উপজেলার চালতাডাঙ্গা এলাকায় একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে সংঘর্ষে সাজ্জাদ (২৮) এবং হায়দার (৩০) নামে দুই ভটভটি আরোহী নিহত হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পাঁচ বাসযাত্রী আহত হয়।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নাপিতখালি এলাকায় সোমবার সন্ধ্যায় হানিফ এন্টারপ্রাইজের একটি দ্রুতগামী বাস অপর দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী শামসুদ্দোহা রিপন (২২) ও আরাফাত (১৭) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় অপর একজন আহত হয়।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।