২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানির জেনেভা ক্যাম্পে হিটস্ট্রোকে ৩ জনের প্রাণহানি

রাজধানীর জেনেভা ক্যাম্পে সোমবার হিটস্ট্রোকে কমপক্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পানি ও বিদ্যুতের অভাবে সেখানে আটকেপড়া পাকিস্তানিরা মানবেতর জীবনযাপন করছে। গুরুতর অবস্থায পাঁচ জন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছে।

তবে অসুস্থতার কারনে মাত্র একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ।

আটকেপড়া পাকিনস্তানিদের একজন নেতা শওকত মাস্টার বলেন, বিদ্যুৎ লাইন কেটে দেয়ায় জীবন অসহ্য হয়ে উঠলে হার্ট এ্যাটাকে তাদের প্রাণহানি ঘটে।

সূত্র জানায়, জেনেভা ক্যাম্পসহ আটকেপড়া পাকিস্তানিদের অন্যান্য বাসস্থানে সরকারি বরাদ্দের বেশি পানি ও বিদ্যুৎ ব্যবহার করা এবং বিল পরিশোধ না করায় ঢাকা ওয়াসা ও ডেসা সেখানে পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অত্যন্ত ঘিঞ্জি এই এলাকায় বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছে।

আটকেপড়া পাকিস্তানিরা দীর্ঘদিন ধরে বিরাজমান এ পরিস্থিতির প্রতিবাদ করে আসছে।

হিটস্ট্রোকে তিন জনের মৃত্যু এবং বিদ্যুৎ ও পানি না থাকার প্রতিবাদে তারা জেনেভা ক্যাম্পের সামনে প্রতিকী অনশন পালনের ঘোষণা দিয়েছে।