লক্ষ্মীপুরে হরকাতুল জেহাদের সদস্য সন্দেহে ২ মাদ্রাসা ছাত্র আটক
লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে সোমবার মাদ্রাসা পরীক্ষার কেন্দ্র থেকে সদর থানা পুলিশ হরকাতুল জেহাদের সদস্য সন্দেহে ২ ছাত্রকে গ্রেপ্তার করেছে।
আটক দু’জনের নাম-আনোয়ারুল আজিম (২৪) ও বদিউল আলম (২৪)। এরা দু’জনই স্থানীয় টুমচর মাদ্রাসার ছাত্র। তাদেরকে সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ মাদ্রাসার ছাত্রাবাসে ওই দুই ছাত্রের কক্ষে তল্লাশি চালিয়ে কিছু উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে সদর থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কোনও কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের অপর একটি সূত্র জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে আটক করা হয়েছে।
সূত্র আরও জানায় আটক দুই মাদ্রাসা ছাত্র ইসলামী জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের সক্রিয় সদস্য।
এর আগে হরকাতুল জেহাদের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল। পরে অজ্ঞাত কারণে মামলা খারিজ করা হয়।
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল মাদ্রাসা শাখা আটক দুজনকে তাদের কর্মী বলে দাবি করেছে।
