২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব নিহত, আমীরের শোক, জানাযা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচংয়ের কোরপাই নামক স্থানে রোববার রাত দেড়টায় কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইসলামী ঐক্যজোট আমিনী গ্রুপের যুগ্ম মহাসচিব মাওলানা ইসহাক ফরিদী (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাস চালক ঘটনাস্থলেই নিহত এবং আরও সাত জন আহত হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মাওলানা ইসহাক ফরিদীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফরিদী ইসলামী ঐক্যজোট আমিনী গ্রুপের যুগ্ম মহাসচিব ও জমিয়তে ওলামার সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকার চৌধুরীপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

পুলিশ জানায়, রোববার রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচংয়ের কোরপাইয়ে চট্টগ্রামগামী মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-গ-১২-১৪৭৭) এর সাথে ঢাকাগামী কাভার্ড ভ্যান (চট্ট-মেট্রো-ড-২৩২৭) এর মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক মো. রাসেল (২১) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি ঢাকার কুড়িল এলাকায়।

এ দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী তার সফরসঙ্গী কুমিল্ল¬ার বরুড়ার মাওলানা ওবায়দুল¬াহ আশ্রাফ (৪৫), ঢাকার মাওলানা হাসান ফারুক (৩৫), হাজী ফজলুল হক (৬০), বাড্ডার মুশফিকুর রহমান (৪৫), মাওলানা আবু ইউসুফ (৪০) এবং লালমনিরহাট জেলার নুরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে আছে। কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে বুড়িচং থানায় মামলা হয়েছে।

এদিকে ইসহাক ফরিদীর মৃত্যুতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম পীর সাহেব গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

মাওলানা ইসহাক ফরিদীর নামাজে জানাজা সোমবার চৌধুরী পাড়া নূর মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাযায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজীসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ অংশ নেন।