বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৩৮
দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় রোববার এগার জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে। বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা যায়।
কক্সবাজার প্রুতিনিধি জানান, জেলার চকরিয়া পৌর এলাকায় রোববার রাত সাড়ে আটটায় এক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
নিহতরা হলো আঁখি(৩২), মিন্টু দাস (২৮), এবং আবুল বাশার (৩২)। আহতদের চকরিয়া এবং ডুলাহাজরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি জিপ, ট্যাক্সি এবং রিক্সা পরস্পরকে ওভারটেক করতে গেলে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।
ভোলা প্রতিনিধি জানান, জেলার দৌলতখান উপজেলার কমরউদ্দিন এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে রোববার সকালে একটি যাত্রীবাহী টেম্পুকে একটি মালবোঝাই ট্রাক চাপা দিলে এক জন সেনাসদস্যসহ তিনজন নিহত এবং ১০ জন আহত হয়। গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজনের নাম মো. হানিফ (৪৫), তিনি বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
গুরুতর আহত সেনাসদস্য বেলায়েত হোসেন সকাল ৮টায় ভোলা সদর হাসপাতালে মারা যান।
এ ব্যাপারে দৌলত খান থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা যায়।
খুলনা প্রতিনিধি জানান, খুলনা-সাতক্ষীরা সড়কের কাঁঠালতলা মোড়ে রোববার এক সড়ক দুর্ঘটনায় খুলনা জেনারেল হাসপাতালের এক চিকিৎসকসহ দুজন নিহত এবং তিন জন আহত হয়েছে।
নিহতরা হলেন খুলনা জেনারেল হাসপাতালের ডা: ফারুখ হোসেন (৪৫) ও টেকনিশিয়ান আলমগীর হোসেন (৩১)।
স্থানীয় সূত্র জানায়, সিভিল সার্জনের একটি জিপ কয়রা স্বাস্থ্য কমপে¬ক্স পরিদর্শন শেষে খুলনা ফেরার পথে সাতক্ষীরাগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডা. ফারুখ হোসেন ও আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করা হয়। ঘাতক বাসটি আটক করা যায়নি।
শেরপুর প্রতিনিধি জানান, রোববার এক সড়ক দুর্ঘটনায় জেলায় একজন নিহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে আটটায় শেরপুর সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক (৩২) মোটরসাইকেলে শেরপুর শহরে আসার পথে কানাসাখোলা নামক স্থানে মোটরসাইকেলের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পাবনা প্রতিনিধি জানান, পাবনার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের বেড়া সিএন্ডবি মোড়ে রোববার এক সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুজন নিহত এবং ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কে দুঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
পুলিশ জানায়, দুপুর ১২টায় বেড়া সিএন্ডবি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক অপর একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে ভ্যান চালক মনসুর আলী (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। এ সময় গুরুতর আহত অজ্ঞাত পরিচয় এক মহিলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আহতদের বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বেড়া থানায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি।
