ছিনতাইকারীদের ছেড়ে দেয়ায় যশোরে মহানন্দা এক্সপ্রেস এক ঘন্টা অবরুদ্ধ
যশোরে রেলপুলিশ কর্তৃক তিন ছিনতাইকারীকে ছেড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা রোববার খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।
রেলযাত্রী, পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানন্দা এক্সপ্রেসযোগে রোববার রাজশাহী থেকে যশোর আসার সময় এক পরিবারের সদস্যদের কাছ থেকে একদল ছিনতাইকারী বেশ কিছু স্বর্ণ ও রুপার অলংকার ছিনিয়ে নেয়। এসময় যাত্রীরা তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার না করে বরং পালিয়ে যেতে সহায়তা করে বলে যাত্রীরা অভিযোগ করে।
ছিনাতাইয়ের শিকার ওই পরিবার যশোর নেমে তাদের আত্মীয়স্বজন ও স্থানীয়দের বিষয়টি জানালে জনতা এক ঘন্টা ট্রেনটি অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।
