২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ৩, আহত ১০

ভোলা জেলার দৌলতখান উপজেলার কমরউদ্দিন এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে রবিবার সকালে একটি যাত্রীবাহী টেম্পুকে একটি মালবোঝাই ট্রাক চাপা দিলে এক জন সেনাসদস্যসহ ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 12:17 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হাফেজ সালাউদ্দিন জানান, যাত্রীসহ টেম্পুটি ভোলা খেয়াঘাট থেকে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে আসার পর সকাল সাড়ে ৫টার সময় কমরউদ্দিন বাজারের কাছে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক টেম্পুটিকে চাপা দিয়ে চলে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু‘জনের মৃত্যু হয়। এক জনের নাম মো. হানিফ (৪৫), তিনি বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

গুরুতর আহত সেনাসদস্য বেলায়েত হোসেন সকাল ৮টায় ভোলা সদর হাসপাতালে মারা যান।

ভোলা সদর থানার ওসি বিডিনিউজকে জানান, ঘাতক ট্রাকটিকে আটকের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দৌলত খান থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা যায়।