২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব আদায় এবার লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে। চলতি অর্থবছরের ২৪টি কার্যদিবস বাকি থাকতেই ২ জুন পর্যন্ত এই কাস্টমস হাউজের রাজস্ব আয় হয়েছে এক হাজার ২৫ কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 09:56 AM

Updated : 26 Apr 2022, 05:44 PM

২০০৪-২০০৫ অর্থ বছরে বেনাপোল কাস্টমস-এর জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক হাজার একশ’ ১৫ কোটি টাকা। ইতিমধ্যে ১১ মাসেই আদায় হয়েছে এক হাজার ২৫ কোটি টাকা। এখন প্রতিদিন এই বন্দর থেকে কাস্টমস কর্তৃপক্ষ গড়ে ৫ কোটি টাকা রাজস্ব আয় করছে। সেই হিসেবে চলতি অর্থবছরে আরও যে ২৪টি কার্যদিবস থাকছে, তাতে রাজস্ব আদায় নিশ্চিতভাবেই অনেক বেড়ে যাবে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস কমিশনার ড. রফিকুল ইসলাম।

তিনি জানান, গত মে মাসে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খাইরুজ্জামান চৌধুরী বেনাপোল পরিদর্শনে এসে রাজস্ব ফাঁকি রোধে বেশ কিছু নির্দেশনা দিয়ে যান। তার নির্দেশনাতেই রাজস্ব ফাঁকি প্রায় বন্ধ করা সম্ভব হয়েছে এবং রাজস্ব আয়ও বেড়েছে অনেক। তিনি বলেন, নতুন নির্দেশনা কার্যকর করার পর বেনাপোলে ভারতীয় ট্রাকের আগমন আগের চেয়ে ১০ শতাংশ কমলেও রাজস্ব আয় বেড়েছে ১০ শতাংশ।

রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, গত অর্থবছরের ১১ মাসে রাজস্ব আদায় হয়েছিল আটশ’ ২৫ কোটি টাকা। আর বর্তমান অর্থবছরে এ সময়ে রাজস্ব আদায় হয়েছে এক হাজার ২৫ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এবার রাজস্ব আদায় দুইশ’ কোটি টাকা বেশি হয়েছে।

২০০৩-২০০৪ এবং ২০০৪-২০০৫ অর্থবছরে বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ের তুলনামূলক চিত্র:

২০০৩-২০০৪ অর্থবছর                                ২০০৪-২০০৫ অর্থবছর

জুলাই               ৭৬.১৭ কোটি টাকা                  জুলাই                ৮০.৩২ কোটি টাকা

আগস্ট              ৭১.৬৩ কোটি টাকা                 আগস্ট               ৮২.৩৯ কোটি টাকা

সেপ্টেম্বর           ৭০ কোটি টাকা                       সেপ্টেম্বর           ৮৮.২২ কোটি টাকা

অক্টোবর             ৬৭ কোটি টাকা                       অক্টোবর            ৯০.৫৫ কোটি টাকা

নভেম্বর              ৬৫.৬৩ কোটি টাকা                 নভেম্বর              ৭৭.৮৫ কোটি টাকা

ডিসেম্বর             ৭০.৮৭ কোটি টাকা                 ডিসেম্বর             ৯৭.১৪ কোটি টাকা

জানুয়ারি             ৮৩.৯৪ কোটি টাকা                 জানুয়ারি            ৭৯.২৮ কোটি টাকা

ফেব্রুয়ারি            ৫৬.৪২ কোটি টাকা                 ফেব্রুয়ারি          ১০৩.৫৪ কোটি টাকা

মার্চ                    ৮৫.৮২ কোটি টাকা                মার্চ                    ১০৬.৯১ কোটি টাকা

এপ্রিল                 ৯০.৫০ কোটি টাকা                এপ্রিল                ৯৯.০৭ কোটি টাকা

মে                      ৮৭.২৫ কোটি টাকা                মে                     ১০৯.৮৬কোটি টাকা

কাস্টমস সুত্র জানায়, চলতি অর্থবছরে এক হাজার তিনশ’ ৭৭টি পণ্যচালানের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ে এবং সেগুলো থেকে জরিমানা হিসেবে রাজস্ব আয় হয়েছে ছয় কোটি ৪৯ লাখ টাকা। গত অর্থবছরে সাতশ’ ৪০টি পণ্যচালানের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছিল এবং তা থেকে আয় হয়েছিল চার কোটি ২৫ লাখ টাকা।