২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে পড়া পাকিস্তানীদের ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দুঃসহ জীবন

বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে থাকা আটকে পড়া উর্দুভাষী প্রায় আড়াই লাখ পাকিস্তানীদের বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে গ্রীস্মের এই অসহ্য দাবদাহে দুর্বিসহ জীবন যাপন করছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শুক্রবার নগরীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ দেশের ১৩টি জেলার ৭০টি ক্যাম্প থেকে বিদ্যুৎ লাইন সংযোগ কেটে দেয়। এসব ক্যাম্পে প্রায় ৪৪ দশমিক ৪৮ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে।

আটকে পড়া পাকিস্তানীদের সংগঠন, স্ট্র্যান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপেট্রিয়েশন কমিটি’র (এসপিজিআরসি) সাধারণ সম্পাদক এম শওকত আলী বিডিনিউজকে জানান, সাহারা মরুভূমির ন্যায় তপ্ত হয়ে পড়েছে ক্যাম্পগুলো, মানুষজন অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। প্রচণ্ড গরমে তারা ডায়রিয়া ও ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ না করা হলে অনেকেই মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার হাজার হাজার মানুষ নগরীতে মিছিল বের করে এবং বিদ্যুৎ সরবরাহ পূনরায় চালু করার জন্য ডিসি কার্যালয়ে জড়ো হয়।

এসপিজিআরসি এ ব্যাপারে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করে।

এ সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসপিজিআরসি নেতাদের আশ্বস্ত করা হয়।

এসপিজিআরসি তাদের স্মারকলিপিতে উল্লেখ করেন যে, বিদ্যুৎ সংযোগ লাইন কেটে দেয়ার ফলে আটকে পড়া পাকিস্তানীরা চরম দুর্বিসহ জীবন যাপন করছে।

তারা আরও উল্লেখ করেন, অন্ধকারের সুযোগে দুর্বৃত্তরা ক্যাম্পে যে কোনও সময়ই দুস্কর্ম চালাতে পারে। অসামাজিক কার্যকলাপ ও অপরাধ যে কানও সময়ই ঘটে যেতে পারে। নিরাপত্তার অভাবে ক্যাম্পের মহিলারা এখন আশংকার মধ্যে রয়েছে। এছাড়া এসব ক্যাম্পের মানুষ ওয়াসা কর্তৃপক্ষ কর্তৃক পানির লাইন কেটে ফেলার আশঙ্কা করছে। নের্তৃবৃন্দ জানান, পূনরায় বিদ্যুৎ লাইন সংযোগ না দিলে তারা আমরণ অনশনসহ বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন।