কলকাতায় বুদ্ধদেব ও বীণা সিক্রির জরুরি বৈঠক, প্রসঙ্গ বাংলাদেশ
দিল্লিতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রির সঙ্গে বৈঠক করেছেন।
রাইটার্স বিল্ডিংয়ে দু’জনের মধ্যে ঘন্টাব্যাপী বৈঠকে মূলত বাংলাদেশে জঙ্গিঘাঁটি, অনুপ্রবেশ এবং সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে বীণা সিক্রি জানান।
বৈঠকের পর বিডিনিউজের সাথে আলাপকালে বীণা সিক্রি জানান, সীমান্তের জিরো পয়েন্টের বদলে ১৫০ গজ ভিতরে কাঁটা তারের বেড়া দেওয়ার ফলে শুধু পশ্চিমবঙ্গের ২৬২ টি গ্রামের ৬০ হাজার মানুষ বাংলাদেশের মধ্যে পড়ে গিয়েছিল। বামপন্থিরা বিষয়টি নিয়ে আপত্তি জানানোর ফলে বর্তমানে বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখা হয়েছে।
গুরুত্বের বিচারে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানান বীণা সিক্রি।
তিনি আরও বলেন, সম্প্রতি ত্রিপুরা সীমান্ত সংলগ্ন বাংলাদেশ অংশে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে কয়েকজন ভারতীয় জঙ্গি নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।
তিনি বলেন, মূলত বুদ্ধদেব ভট্টাচার্য ও ত্রিপুরার মূখ্যমন্ত্রী মানিক সরকার গত দু’ বছর ধরে বাংলাদেশের মধ্যে ভারতের জঙ্গি সংগঠনের ঘাঁটি নিয়ে সরব ছিলেন। এ ব্যাপারে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আগে রসদ সংগ্রহের ব্যাপারে তিনি কলকাতায় এসেছেন বলে জানালেন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত। তিনি বলেন, ভারত-মায়ানমার-বাংলাদেশ গ্যাস পাইপ লাইন নিয়েও মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। শিলিগুড়ির মধ্য দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক করিডোর স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গের স্থলবন্দরের মাধ্যমে বাণিজ্যের পরিমাণ কিভাবে আরও বৃদ্ধি করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে বীণা সিক্রির সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের এই বৈঠকের ব্যাপারটি প্রথমে গোপন রাখা হয়েছিল। শনিবার ছুটির দিন বলে রাজ্য সচিবালয় ছিল বন্ধ। আর মুখ্যমন্ত্রীও দলের রাজ্য দপ্তরে কেন্দ্রীয় কমিটির বৈঠকে ব্যস্ত ছিলেন। সেখানেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে বৈঠকের ব্যাপারে তিনি কোনও মন্তব্য না করলেও সচিবালয় সূত্র জানা গেছে বৈঠকে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট হয়েছেন।
