পর্দায় ধূমপান নিষিদ্ধের সমালোচনায় ভারতের চলচ্চিত্র ও টিভি প্রযোজক সমিতি
ভারতের সিনেমা ও টেলিভিশন পর্দায় ধূমপানের দৃশ্য প্রদর্শনের উপর সরকারের প্রস্তাবিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছে প্রযোজক সমিতি।
তাদের মতে, এ নিষেধাজ্ঞা বিনোদন শিল্পের অগ্রযাত্রাকে ব্যহত করবে।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, সেন্সর বোর্ড ইস্যুটির মোকাবেলায় ইতিমধ্যেই একটি গাইডলাইন প্রণয়ন করেছে। ইস্যুটির মোকাবেলায় এ গাইডলাইনটি যথেষ্ট।
অন্যদিকে, এখন পর্যন্ত কোনও চলচ্চিত্রে ধূমপান ও মদ্যপানকে গৌরবের বিষয় হিসেবে দেখানো হয় নি। চলচ্চিত্রে ধূমপানের ব্যবহার দেশের দর্শক শ্রেনীকে ধুমপানে উৎসাহিত করবে, এরকম অযৌক্তিক ধারণার ওপর ভিত্তি করে এই নিষেধাজ্ঞা প্রস্তাব করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ ধরণের নিষেধাজ্ঞা শুধুমাত্র বিনোদন শিল্পের অগ্রযাত্রা ও উন্নয়নকেই ব্যাহত করবে। প্রযোজক সমিতি এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য স্বাস্থ্য মন্ত্রীকে রাজি করানোর আহ্বান জানিয়ে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জয়পাল রেড্ডির কাছে চিঠি পাঠিয়েছে বলে বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
