৫ জুন সারাদেশে ১৪ দলের বিক্ষোভ
সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শাম্মী আক্তার হ্যাপী নিহত হওয়ার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রলীগের নেতা কর্মীদের ওপর পুলিশ ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রদলের হামলা এবং র্যাবের ক্রসফায়ারে বিনাবিচারে মানুষ হত্যার প্রতিবাদে আওয়ামী লীগসহ ১৪ দল ৫ জুন সারাদেশে যুগপৎভাবে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করবে।
আওয়ামী লীগ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলে, সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং ছাত্রনেতাদের দমনের মাধ্যমে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জামায়াত জোট সরকার বিরোধী আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে এবং তাদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ১৪ দল আহুত কর্মসুচিকে সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
