২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোমল পানীয়ই স্থূলতার একমাত্র কারণ নয়

শুধুমাত্র কোমল পানীয় নয়, টেলিভিশনের সামনে অলস সময় কাটিয়েও শিশুরা স্থূলতার শিকার হচ্ছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

আমেরিকার ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয় এবং কলম্বাস চিলড্রেন হাসপাতালের চালানো এক দীর্ঘ গবেষণার সাম্প্রতিক ফলাফলে দেখা গেছে, কোমল পানীয় পানের মাত্রা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় শিশুরা দুধের মত খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ পানীয় থেকে বঞ্চিত হচ্ছে ।

গবেষকরা বলছেন, আমেরিকার সিংহভাগ শিশু এখন স্থূলতা জনিত সমস্যায় ভুগছে । এদের মধ্যে আবার এক চতুর্থাংশ শিশুর বি-টাইপ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে প্রায় ২৬ বছর পর্যন্ত আয়ু কমে যাওয়া সহ নানা ধরণের স্বাস্থ্য সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে ।

২০০৩ সালে পরিচালিত ওই গবেষণায় দেখা যায়, অতিরিক্ত কোমল পানীয়গ্রহণকারী সাত থেকে ১৩ বছর বয়সী শিশুরা প্রয়োজনের তুলনায় কম প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন-এ গ্রহণ করে ।

অন্যদিকে ওই অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তাদের দাবি, কেবল পানীয় গ্রহণই নয়, অধিকাংশ ক্ষেত্রেই শিশুদের খাদ্যতালিকায় ফাস্টফুডের মাত্রাতিরিক্ত উপস্থিতি এই স্বাস্থ্য বিপর্যয়ের অন্যতম কারণ ।

শিশুদের ওজন বৃদ্ধির বিষয়ে কোমল পানীয়ের ক্ষতিকর প্রভাব খতিয়ে দেখতে গবেষকরা বিভিন্ন সময়ে প্রকাশিত রিপোর্ট পর্যালোচনা করেছেন ।

এতে দেখা যায়, দুই বোতল কোমল পানীয়তে প্রায় ২০ চামচ পরিমাণ চিনি মিশ্রিত থাকে, যার পরিমাণ শরীরে দৈনিক ক্যালরি চাহিদার ২০ শতাংশ। বিশেষজ্ঞদের অভিমত, দৈনিক ১০ শতাংশের বেশি ক্যালরি খাদ্য থেকে গ্রহণ করা একেবারেই স্বাস্থ্যসম্মত নয়।

তাঁরা আরো বলছেন, অতিরিক্ত কোমল পানীয় পান করায় শিশুদের দেহে অন্যান্য প্রয়োজনীয় উপাদানের ঘাটতি দেখা দিচ্ছে ।

অন্য আরেকটি সমীক্ষায় দেখা যায়, যে সব শিশু প্রতিদিন এক বোতল করে কোমল পানীয়ও পান করে, তাদের মধ্যে ওজন বৃদ্ধির সম্ভাবনা স্বাভাবিকের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি ।

তবে স্থূলতার পেছনে অনেকগুলো কারণের মধ্যে কোমলপানীয় একটি বিশেষ কারণ বলে সব ক’টি মহল একমত। তাদের মতে, স্থুলতার নেপথ্যে অন্য ক্ষতিকর বিষয়গুলোও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরী।