শেরপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১০
শেরপুরের তিনটি উপজেলায় শুক্রবার রাতে দু’দফা কালবৈশাখী ঝড়ে আড়াই শ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঘরচাপা ও টিনে কাটা পড়ে কমপক্ষে দশ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ১০টায় শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদী ও ঝিনাইগাতীর বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় প্রথম আঘাত হানে। ঝড়ে এ দুটি উপজেলার দুই-শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিপুল সংখ্যক ছোট বড় গাছপালা উপড়ে যায়। শ্রীবরদী পৌরসভার কয়েকটি স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এছাড়া ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া পাতার ক্যাম্পের কাছে পুরনো বিশাল গাছ ভেঙ্গে পড়লে গজনীর অবকাশ পিকনিক স্পটের সাথে অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে রাত বারটায় শেরপুর সদর উপজেলায় পাকুটি ও গাজীর খামার ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অর্ধ-শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় । এসময় ঝড়ে ঘরচাপা এবং টিনে কাটা পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
