২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন অব্যাহত

নৌ দুর্ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ কোনও পদক্ষেপ নিচ্ছে না।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 10:54 AM

Updated : 26 Apr 2022, 05:44 PM

যাত্রীবাহী লঞ্চে অতিরিক্ত মালামাল পরিবহন, যান্ত্রিক ত্রুটি, চালকদের অদক্ষতা ও অসচেতনতা, নদীপথে পর্যাপ্ত আলোর অভাব ইত্যাদি কারণে গত ১০ বছরে চাঁদপুরের নদী পথে ৬ টি বড় দুর্ঘটনায় কমপক্ষে দেড় হাজার লোকের প্রানহানী ঘটে এবং নিখোঁজ হয় আরও পাচ’শ যাত্রী।

এছাড়াও প্রতিনিয়ত ঘটছে ছোটখাট নৌ দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটার পর মন্ত্রী, সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, দুর্ঘটনা প্রতিরোধের ব্যাপারে নানা ব্যবস্থার কথা বলেন, কিন্তু বাস্তবে কিছুই হয় না।

উল্লেখিত রুটে চলাচলকারী দেড় শতাধিক লঞ্চের মধ্যে হাতে গোনা কয়েকটি স্পেশাল লঞ্চ ছাড়া বাকি সব লঞ্চ মাত্রাতিরিক্ত মালামাল পরিবহন করে। এসব লঞ্চে করে ঢাকা, মুন্সিগঞ্জ এবং নারায়নগঞ্জ এলাকা থেকে প্রচুর পরিমানে চাল, আলু, রড, সিমেন্ট ও নানা ধরনের তৈজসপত্র চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আনা হয়।

কর্তৃপক্ষ এসব অনিয়মের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে লঞ্চ মালিক ও শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে প্রশাসন অনেক সময় দেখেও না দেখার ভান করে।

চাঁদপুর জেলার মোট ৩০০ দশমিক ২৮ কিলোমিটার নদীপথে ২৭টি নৌ রুট রয়েছে। এই রুটগুলোতে প্রতিদিন দেড়’শ যাত্রীবাহী নৌ-যান চলাচল করে।

এসব রুটে ৩৫টি সিগন্যাল, পাঁচটি লাইটেড বয়া এবং চারটি আনলাইটেড বয়া রয়েছে, তবে বেশিরভাগই অকার্যকর রয়েছে। বেশ কয়েকটি চুরিও গেছে। ফলে রাতের বেলা একের পর এক দুর্ঘটনা ঘটছে।