বাংলাদেশে উলফার ঘাঁটি সংক্রান্ত বিএসএফের মনগড়া ভাষ্য
বাংলাদেশে উলফার শক্ত ঘাঁটি রয়েছে-এমন অপপ্রচারের অংশ হিসাবে মনগড়া ভাষ্য প্রদান করছে বিএসএফ। শুক্রবার শিলংএ এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে যে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে উলফার পরিচালনাধীন আন্তর্জাতিক মানের ৭ টি হোটেল রয়েছে। বাংলাদেশে ওই জঙ্গী সংগঠনের ৩ টি ব্যাংক অ্যাকাউন্ট আছে বলেও উল্লেখ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম মিজানুর রহমান এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এটি বানোয়াট।
তিনি বলেন, এ ব্যাপারে তারা অবহিত নন এবং রাজধানীতে উলফার পরিচালনাধীন কোনও হোটেলের হদিস সম্পর্কে তাদের জানা নেই।
বিডিআরের একজন কর্মকর্তাও বিএসএফ আইজির এ অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, বিএসএফের এ অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও ভারতের পক্ষ থেকে একই ধরণের অভিযোগ করা হয়েছে এবং তা মিথ্যা পমাণীত হয়েছে।
তিনি আরও বলেন, বিএসএফ দীর্ঘদিন যাবত বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে আসছে।
আসাম, মেঘালয়, মনিপুর এবং নাগাল্যান্ড (এএমএমএন) সীমান্তের বিএসএফ ইন্সপেক্টর জেনারেল এস সি শ্রীবাস্তব বলেন, উলফা পরিচালিত ৭ টি হোটেলের মধ্যে ৩ টি ঢাকায়। এগুলো হচ্ছে-মোহাম্মদপুরের তাজমহল রোডের সুরমা ইন্টারন্যাশনাল, মিরপুরের হোটেল মোহাম্মদিয়া এবং বনানীর পদ্মা ইন্টারন্যাশনাল।
তার ভাষ্য অনুযায়ী, হোটেল তিনটি চালাচ্ছেন সুবল বড়ুয়া ওরফে আহমেদ, সতীশ শর্মা ওরফে কামাল এবং আশিষ দেকা ওরফে হোসেন।
সিলেটে উলফার দুটি হোটেল আছে বলে উল্লেখ করা হয়। এগুলো হচ্ছে-জিন্দাবাজার এলাকার কেয়া ইন্টারন্যাশনাল এবং ইউনিভার্সিটি রোডের যমুনা। যথাক্রমে দুলাল রায় ওরফে সাইদুল এবং অনীল দে ওরফে সোহেল হোটেল দুটি চালাচ্ছেন।
দাবিকৃত বাকি দু’টি হোটেল চট্টগ্রামের। এগুলো হচ্ছে-হালিশহরের হোটেল বসুন্ধরা এবং পাহাড়তলী এলাকার রাজ কিং। যথাক্রমে এ দু’টি চালাচ্ছেন সুভাষ দেকা ওরফে হুমায়ুন এবং কানাইলাল বর্মণ ওরফে রুবেল।
বিএসএফ আইজি বলেন, সবগুলো হোটেলের ম্যানেজারই উলফার ক্যাডার।
তার দাবি অনুযায়ী, ঢাকায় আরব বাংলাদেশ ব্যাংকের ফার্মগেট শাখা, একই ব্যাংকের সিলেট জিন্দাবাজার শাখা এবং আল বারাকা ব্যাংকের চট্টগ্রাম পাহাড়তলী শাখায় উলফার অ্যাকাউন্ট রয়েছে।
