সচিবালয়ে সিগারেট বানিজ্য জমজমাট, ধূমপান নিয়ন্ত্রণ আইন কেউ মানছে না
ধূমপান নিয়ন্ত্রণ আইন পাস করা হলেও সরকারি সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয় সচিবালয়েই কেউ এ আইন মানছে না। সচিবালয়ের ভেতরে সর্বত্রই সরকারি কর্তাদের প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়।
সচিবালয়ে ঘুরে দেখা গেছে, আইন বাস্তবায়নকারী স্বাস্থ্য মন্ত্রণালয়েও ওই আইনের প্রয়োগ নেই। মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব ছাড়া প্রায় সকলেই নিজ নিজ দপ্তরে প্রকাশ্যেই ধূমপান করছেন। কোন কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনেও ধূমপান করে থাকেন।
বেশ কয়েক বছর আগে সচিবালয়কে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা করা হলেও বাস্তবে এই ঘোষণা অচল।
ওই আইন প্রণয়নকারী আইন মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তাকে দাপটের সঙ্গে অফিসে ধূমপান করতে দেখা যায়। তথ্য অধিদপ্তরেরও চিত্র একই।
তবে ওই আইন পাশ হবার পর বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তা ধূমপান ছেড়ে দিয়েছেন।
সচিবালয়ে ধূমপান নিয়ন্ত্রণে কড়াকড়ি না থাকায় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারি সেখানে নিশ্চিন্তে ধূমপান করেই চলেছে। দর্শণার্থীরাও সচিবালয়কে ধূমপানের নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে।
সচিবালয়ের গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অনেক পুলিশও প্রকাশ্যে ধূমপান করছে।
সচিবালয়ের ভেতরে বেশ কয়েকটি সিগারেটের দোকান রয়েছে। প্রতিদিন এসব দোকান থেকে কয়েক হাজার টাকার সিগারেট বিক্রি হয়।
সিগারেটের দোকান রয়েছে সংস্থাপন মন্ত্রণালয়ের নিচে ক্যান্টিনের সামনে, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসবি অফিসের পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যান্টিনের পাশে, সচিবালয়ের বড় ভবনের নিচে ক্যান্টিনের দু’পাশে এবং সচিবালয় সমবায় ক্যান্টিনের সামনে।
ধূমপান নিয়ন্ত্রন আইনের গেজেট প্রকাশ হবার পর দেশের বিভিন্ন স্থানের কয়েকজনকে জরিমানা করার কথা শোনা গেলেও সচিবালয়ে এখনও এই আইনে কাউকে জরিমানা করা হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন বাস্তবায়নকারী সংশ্লিষ্ট শাখায় খোঁজ নিয়ে জানা যায়, তাদের কাছে ওই জরিমানা সংক্রান্ত কোনো তথ্য নেই।
এ ছাড়া আইনটি প্রনয়ণের পর এখনও পাবলিক যানবাহন, সরকারি ও আধা সরকারি অফিসসহ কোনো জনসমাগমস্থলে এই নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশ টানানো হয়নি।
অনেকের অভিযোগ, ধূমপান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংশ্লিষ্ট অধিকাংশ কর্মকর্তাই ধূমপায়ী। এ কারণে দেশের বিভিন্ন স্থানে, এমনকি প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু সচিবালয়েও ধূমপান নিয়ন্ত্রন আইন কার্যকর হচ্ছে না।
