‘ক্রসফায়ারে’ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার হাজারিকা নিহত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে ‘ক্রসফায়ারে’ শুক্রবার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার গিয়াস উদ্দিন হাজারিকা নিহত হয়েছে।
জেলার হাটহাজারী থানার কুয়াইশ এলাকায় তার প্রাসাদোপম বাড়ির সামনে মাছ ধরার সময় বৃহস্পতিবার র্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর র্যাব তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কয়েকটি স্থানে অভিযান চালায়।
ওইদিনই গভীর রাতে হাজারিকাকে নিয়ে রাঙ্গুনিয়ার পোসরা পাহাড়ি এলাকায় অস্ত্র উদ্ধার করতে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা র্যাবের কাছ থেকে হাজারিকাকে ছিনিয়ে নিতে গুলিবর্ষণ শুরু করে। র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে র্যাবের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় বন্দুক যুদ্ধের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে হাজারিকা ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে দেশে তৈরি চারটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউণ্ড কার্তুজ উদ্ধার করে।
র্যাব সূত্র জানায়, হাজারিকার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি হত্যা মামলা ও অস্ত্র চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া ১৯৯৯ সালের চাঞ্চল্যকর ছাত্রলীগের আট নেতাকর্মী হত্যার সঙ্গে হাজারিকা জড়িত ছিল বলে র্যাব সূত্র জানিয়েছে।
