শতবর্ষের পুরোনো ফৌজদারি আইন সংশোধন দুরূহ ব্যাপার: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ১১৬ বছরের পুরনো ফৌজদারি কার্যবিধি সংশোধন করা অত্যন্ত দুরুহ ব্যাপার। তিনি বলেন, কোড পরিবর্তনের মাধ্যমেই এর ব্যাপক সংশোধনী আনা হবে। তবে এর জন্য সময় প্রয়োজন।”
রাজধানীতে দু’দিন ব্যাপী “ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার: একটি আইনগত উদ্যোগ” শীর্ষক জাতীয় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
ইউএনডিপি’র সহায়তায় সিরডাপ মিলনায়তনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর যুর্গেন লিসনার। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিচারক ও আইনজীবিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থা সহজ, টেকসই ও নির্ভরযোগ্য না হলে সমাজের ভারসাম্য বিনষ্ট হবে।
তিনি আরও বলেন, আমরা শুধু আইনের পরিবর্তনই করতে চাই না, বরং মোকদ্দমা ব্যবস্থাপনা, আদালত প্রশাসন ও মামলার তদন্ত পদ্ধতিতেও উন্নয়ন ঘটাতে চাই।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দোষীসাব্যস্ত ব্যক্তিদের কাছ থেকে আরও বর্ধিত হারে জরিমানা আদায় করে তা ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।
অভিযুক্তদের জামিনের নিশ্চয়তা প্রদানের বিধান চালু হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে আইনমন্ত্রী বলেন, আদালতে আত্মসমর্পণ না করা পর্যন্ত কোনোক্রমেই জামিন দেওয়া হবে না।
আইন মন্ত্রী আরও বলেন, কোনো মামলার ক্ষেত্রে তদন্ত কার্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও যথাযথ তদন্ত বিচারকার্য সঠিকভাবে পরিচালনায় সহায়ক ভূমিকা রাখে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ১১৬ বছরের পুরনো ফৌজদারি কার্যবিধি সংশোধনের লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব পেশ করেন।
